যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে ইরানে সরাসরি সামরিক হস্তক্ষেপ করতে পারে—এমন গুঞ্জনের মধ্যে শত শত বিক্ষোভকারী বুধবার (১৮ জুন) ম্যানহাটনের নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির সিঁড়িতে জড়ো হন। তাদের বার্তা ছিল পরিষ্কার—‘ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়’। খবর মিডল ইস্ট আই।
গত ১৩ জুন থেকে ইরানের উপর ইসরায়েলের বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত ৫৮৫ জন নিহত হয়েছেন। ইসরায়েলের দাবি, তারা কেবল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় আঘাত হানছে। কিন্তু বাস্তবে বসতবাড়ি, হাসপাতাল, বেসামরিক অবকাঠামো ও ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের সদর দপ্তরেও হামলা হয়েছে। এতে শত শত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
খবরে জানা গেছে, ইরানের হাসপাতালগুলোতে এখন আহতদের উপচে পড়া ভিড়। রাজধানী তেহরান থেকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে মানুষ।
নিউইয়র্কের বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা ও যুদ্ধবিরোধী পোস্টার হাতে নিয়ে দাঁড়ান। পোস্টারগুলোর অনেকগুলোতে লেখা ছিল, ‘মানুষের চাহিদার জন্য অর্থ দাও, ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়।‘
নিউইয়র্কের ইরানি বংশোদ্ভূত চলচ্চিত্র নির্মাতা আহমাদ শিরাজি মিডল ইস্ট আইকে বলেন, ‘যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জন্য ইরানে হামলা এক ভয়াবহ বিপর্যয় হয়ে উঠবে। ১৯৮০ সালেও তারা ব্যর্থ হয়েছিল। বিশ্বের প্রাচীনতম দেশগুলোর একটি ইরানকে কেউ মুছে ফেলতে পারবে না।‘ তিনি আরো বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বহুদিন ধরে মিথ্যা প্রচার করে আসছে।
ফিলিপ নামের অপর এক বিক্ষোভকারী জানান, তার আত্মীয়রা ইরানে থাকায় তিনি ভয় পাচ্ছেন। তিনি বলেন, ‘তারা (ইসরায়েল) বেসামরিক নাগরিকদের টার্গেট করছে, পানির অবকাঠামোতেও আঘাত হানছে। এগুলো কোনোভাবেই নিখুঁত বা সুনির্দিষ্ট হামলা নয়। আমার পরিবার প্রতিদিন রাতে ভয়ে ঘুমাতে পারে না।‘
যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলের হামলায় জড়িত নয় বলে জানালেও বিভিন্ন সূত্রে প্রকাশ পেয়েছে, যুক্তরাষ্ট্র কেবল ইসরায়েলকে সহায়তাই করেনি, বরং তেহরানের ওপর হামলা চালিয়ে যেতে উৎসাহ দিয়েছে।
বুধবার, আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের তিন কর্মকর্তা জানান, ইরানে ইসরায়েলের ‘অবৈধ হামলায়’ যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ হলে তা ইরানের পারমাণবিক কর্মসূচি থামানোর কূটনৈতিক প্রচেষ্টায় মারাত্মক আঘাত হানবে। তাদের বিবৃতিতে বলা হয়, ইসরায়েল হামলা শুরুর আগে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর সর্বসম্মত মূল্যায়ন ছিল যে, ইরান পারমাণবিক বোমা তৈরির সিদ্ধান্ত নেয়নি এবং তা তৈরি করতে এখনো মাসখানেক সময় লাগবে।