যুক্তরাষ্ট্রের টেক্সাস উপকূলের কাছে একটি জ্বালানি তেল পরিশোধনাগারে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে। এসময় আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায় এবং আশপাশের বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়েছে। খবর এপি।
পোর্ট আর্থার এলাকার ভ্যালেরো পরিশোধনাগারে এ বিস্ফোরণে কেউ আহত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় মেয়র শার্লট এম মোজেস। শহরের পশ্চিমাংশের কিছু এলাকার বাসিন্দাদের নিরাপদে ঘরে থাকার আহ্বান জানান তিনি এবং বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন।
মেয়র বলেন, ‘হ্যাঁ, এখানে বিস্ফোরণ ঘটেছে। তবে আমরা ঠিক আছি, সবাই ঠিক আছে। যত দ্রুত সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।’
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলাজনিত অনিশ্চয়তার প্রভাব চলমান রয়েছে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে। এ সরবরাহ বিঘ্নের মাঝে টেক্সাসে জ্বালানি তেল পরিশোধনারাগারে বিস্ফোরণ ঘটল।
Videos show flames and a plume of thick smoke following an explosion at a Valero oil refinery in Port Arthur, Texas.
— Al Jazeera Breaking News (@AJENews) March 24, 2026
Police have told local media they believe an industrial heater caused the blaze and there are no reports of injuries. pic.twitter.com/YIddsxmceo
ভ্যালেরোর ওয়েবসাইট অনুযায়ী, পরিশোধনাগারটিতে প্রায় ৭৭০ জন কর্মী কাজ করেন এবং এটি প্রতিদিন প্রায় ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল জ্বালানি তেল প্রক্রিয়াজাত করতে পারে। প্লান্টটি ভারী ও সালফারসমৃদ্ধ অপরিশোধিত তেল থেকে পেট্রল, ডিজেল ও জেট ফুয়েল তৈরি করে।
অনলাইনে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, পরিশোধনাগার থেকে বড়সড় ধোঁয়ার কুণ্ডলী ও আগুনের শিখা বের হচ্ছে। কিছু বাসিন্দা জানান, তারা জোরালো বিস্ফোরণের শব্দ শুনেছেন। এসময় বাড়ির জানালা কেঁপে ওঠে।
টেক্সাসের অঙ্গরাজ্যে রিপ্রেজেন্টেটিভ ক্রিশ্চিয়ান ম্যানুয়েল সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, টেক্সাস কমিশন অন এনভায়রনমেন্টাল কোয়ালিটি ঘটনাস্থলে বায়ুর মান পর্যবেক্ষণের যন্ত্রপাতি নিয়ে পৌঁছেছে এবং স্থানীয় ও অঙ্গরাজ্য পর্যায়ের অংশীদারদের সঙ্গে কাজ করছে।