যেকোনো সময় শুরু হতে পারে যুদ্ধবিরতি, প্রাগে জেলেনস্কি

জেলেনস্কি আরো বলেন, ‘আমরা মনে করি যুদ্ধবিরতি আজই শুরু করা সম্ভব এবং অন্তত ৩০ দিনের জন্য তা বহাল থাকতে হবে যাতে কূটনৈতিক প্রক্রিয়াকে প্রকৃত সুযোগ দেয়া যায়।‘

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে চলমান তিন বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে যেকোনো সময় যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। তবে তা নিশ্চিত করতে কিয়েভের মিত্রদের আরো বেশি চাপ প্রয়োগ করতে হবে মস্কোর ওপর। খবর রয়টার্স।

চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট পেত্র পাভেলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ‘আমরা বিশ্বাস করি, চাপ না বাড়ালে রাশিয়া যুদ্ধ শেষ করতে বাস্তবিক কোনো পদক্ষেপ নেবে না। আজ ৫৪তম দিন, রাশিয়া এখন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেয়া পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাবকেও উপেক্ষা করে চলেছে।‘

জেলেনস্কি আরো বলেন, ‘আমরা মনে করি যুদ্ধবিরতি আজই শুরু করা সম্ভব এবং অন্তত ৩০ দিনের জন্য তা বহাল থাকতে হবে যাতে কূটনৈতিক প্রক্রিয়াকে প্রকৃত সুযোগ দেয়া যায়।‘

এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির ওপর সোভিয়েত জোটের বিজয়ের ৮০ বছর উপলক্ষে ৮–১০ মে পর্যন্ত তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে জেলেনস্কির মতে, এ ধরনের প্রতীকী ঘোষণা কার্যত অর্থহীন। তিনি মার্চ মাসে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবিত নিঃশর্ত ৩০ দিনের যুদ্ধবিরতির দাবিই পুনরায় উত্থাপন করেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘৯ মের বিজয় দিবসের প্যারেডে ট্যাংক প্রদর্শনের বদলে পুতিনের উচিত ভাবা—তিনি কীভাবে নিজের শুরু করা যুদ্ধ শেষ করবেন।‘

তিনি তিনটি বিষয়ের ওপর জোর দেন— রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা, ইউক্রেনকে চলমান সহায়তা এবং ইউরোপজুড়ে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির আহ্বান। জেলেনস্কির মতে, রাশিয়ার জানা দরকার যে ইউরোপীয়রা নিজেদের রক্ষা করতে প্রস্তুত।

আরও