দক্ষিণ স্পেনে দুটি উচ্চগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ৩০ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন দেশটির পরিবহন মন্ত্রী অস্কার পুয়েন্তে। খবর আল জাজিরা।
এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে সোজা ট্র্যাকে এমনভাবে ট্রেন লাইনচ্যুত হওয়া সত্যিই অস্বাভাবিক বলে উল্লেখ করেছেন তিনি। চলতি বছরের মে মাসে ট্র্যাকের অংশটি নতুন করে সংস্কার করা হয়েছিল বলেও নিশ্চিত করেছেন পরিবহন মন্ত্রী।
এদিকে, স্পেনের রেল নেটওয়ার্ক পরিচালনাকারী সংস্থা আদিফ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মালাগা থেকে মাদ্রিদগামী ৬১৮৯ নম্বর হাই-স্পিড ট্রেনটি কর্দোবা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে আদামুজ এলাকার কাছে লাইনচ্যুত হয়। ট্রেনটিতে ৩১৭ জন যাত্রী ছিলেন। লাইনচ্যুত ট্রেনটি পাশের লাইনে চলাচলরত মাদ্রিদ-হুয়েলভাগামী আরেকটি হাই-স্পিড ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এতে দ্বিতীয় ট্রেনটিও লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার পর আন্দালুসিয়া অঞ্চলের জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। স্থানীয় বাসিন্দারাও আহতদের সহায়তা করেন। উদ্ধারকাজে স্পেনের সামরিক জরুরি ইউনিটও অংশ নেয়।
দুর্ঘটনার পর আন্দালুসিয়া অঞ্চল থেকে মাদ্রিদগামী ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে রেল কর্তৃপক্ষ। এছাড়া, কর্ডোবা, সেভিয়া, মালাগা ও হুয়েলভা থেকে মাদ্রিদগামী ট্রেন পরিষেবা অন্তত সোমবার পর্যন্ত বন্ধ থাকবে।
এ ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি আমি গভীর সমবেদনা জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।