সিকিমে জলবিদ্যুৎ প্রকল্পের টানেল ধসে ১০ জন নিহত

টানেলের প্রবেশমুখ থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে জমে থাকা মিথেন গ্যাস বের করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ভূমিধস সৃষ্টি হলে টানেলের মুখ বন্ধ হয়ে যায় এবং ভেতরে কর্মরত শ্রমিকরা আটকা পড়েন

ভারতের সিকিমে নির্মাণাধীন একটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে মিথেন গ্যাসের বিস্ফোরণের পর ধসে অন্তত ১০ জন শ্রমিক নিহত হয়েছেন। এখনও টানেলের ভেতরে কয়েকজন আটকা পড়ে আছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। খবর দ্য হিন্দু।

গতকাল নামচি জেলার ঝোলুঙ্গে এলাকার সামারডুংয়ে এনএইচপিসির (ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার করপোরেশন) তিস্তা স্টেজ-৬ জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন টানেলে এ দুর্ঘটনা ঘটে। নামচির জেলা ম্যাজিস্ট্রেট অনুপা তামলিং জানিয়েছেন, এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সরকারি কর্মকর্তাদের ভাষ্য, টানেলের প্রবেশমুখ থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে জমে থাকা মিথেন গ্যাস বের করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ভূমিধস সৃষ্টি হলে টানেলের মুখ বন্ধ হয়ে যায় এবং ভেতরে কর্মরত শ্রমিকরা আটকা পড়েন।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, টানেলটিতে প্রায় ২৫ জন শ্রমিক ও কর্মকর্তা কাজ করছিলেন। তবে ঠিক কতজন এখনও আটকা আছেন, তা নিশ্চিত করতে শ্রমিকদের উপস্থিতির তালিকা যাচাই করা হচ্ছে।

উদ্ধার অভিযানে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ), সিকিম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, জেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস, চিকিৎসক দল এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা অংশ নিয়েছেন। এ ছাড়া সিকিমের পাকিয়ং ও পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকেও বিশেষজ্ঞ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।

আরও