বুরকিনা ফাসোতে অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ, ষড়যন্ত্রে সাবেক সামরিক শাসকের নাম

নিরাপত্তা মন্ত্রীর অভিযোগ, প্রতিবেশী দেশ আইভরি কোস্ট থেকে এ ষড়যন্ত্রের জন্য ৭০ মিলিয়ন সিএফএ ফ্রাঙ্ক অর্থ সাহায্য পাঠানো হয়েছিল। প্রেসিডেন্টকে হত্যার পর ড্রোন ঘাঁটি দখল করা এবং গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক ব্যক্তিদের ওপর হামলা চালানোর পরিকল্পনাও ছিল তাদের

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর সামরিক নেতা ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরেকে হত্যার ষড়যন্ত্র শেষ মুহূর্তে ব্যর্থ করে দিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা। এ পরিকল্পনার পেছনে সাবেক সামরিক শাসক লেফটেন্যান্ট কর্নেল পল হেনরি দামিবা জড়িত বলে অভিযোগ করা হয়েছে। ২০২২ সালে সেপ্টেম্বরে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেন ট্রাওরে। খবর বিবিসি।

দেশটির নিরাপত্তা মন্ত্রী মাহামাদু সানা এক টেলিভিশন ভাষণে এ তথ্য জানান। তিনি বলেন, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো শেষ মুহূর্তে এ ষড়যন্ত্র ধরতে পেরেছে। পরিকল্পনা ছিল রাষ্ট্রপ্রধানকে হত্যা করা এবং এরপর সামরিক ও বেসামরিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে হামলা চালানো।

নিরাপত্তামন্ত্রীর দাবি, একটি ফাঁস হওয়া ভিডিওতে ষড়যন্ত্রকারীদের আলোচনা ধরা পড়েছে। সেখানে তারা কথা বলছিল কীভাবে ট্রাওরেকে হত্যা করা যায়। গোয়েন্দাদের দাবি অনুযায়ী, গত ৩ জানুয়ারি শনিবার রাত ১১টার দিকে ট্রাওরেকে খুব কাছ থেকে গুলি করে অথবা তার বাসভবনে বোমা মেরে হত্যার পরিকল্পনা করা হয়েছিল।

নিরাপত্তা মন্ত্রীর অভিযোগ, প্রতিবেশী দেশ আইভরি কোস্ট থেকে এ ষড়যন্ত্রের জন্য ৭০ মিলিয়ন সিএফএ ফ্রাঙ্ক (প্রায় ১ দশমিক ২৫ লক্ষ ডলার) অর্থ সাহায্য পাঠানো হয়েছিল। প্রেসিডেন্টকে হত্যার পর ড্রোন ঘাঁটি দখল করা ও গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক ব্যক্তিদের ওপর হামলা চালানোর পরিকল্পনাও ছিল তাদের।

তবে পরিস্থিতি বর্তমানে পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা মন্ত্রী। এ ষড়যন্ত্রের সাথে যুক্ত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে। তবে এ বিষয়ে আইভরি কোস্ট বা দামিবা এখনো কোনো মন্তব্য করেননি।

৩৭ বছর বয়সী ইব্রাহিম ট্রাওরে ক্ষমতা নেওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত দুবার অভ্যুত্থান চেষ্টার শিকার হয়েছেন। তিনি পশ্চিমা দেশগুলোর (বিশেষ করে ফ্রান্সের) কড়া সমালোচক এবং আফ্রিকান জাতীয়তাবাদের প্রবক্তা হিসেবে সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয়। তবে তার সরকারের বিরুদ্ধে ভিন্নমত দমন ও সংবাদমাধ্যমের ওপর কড়াকড়ির অভিযোগও রয়েছে।

আরও