বব জুনিয়র বলেই এলাকায় চিনত সবাই। আবার
অনলাইনে পরিচিতি অন্য নামে, ‘স্নিগভি’। বসবাস ছিল তাঞ্জানিয়ার
সেরেঙ্গেটিতে।
বিবিসি জানায়, স্বভাবে শান্ত সিংহটি সাত
বছর ধরে রাজত্ব করে আসছিল। সম্প্রতি এক লড়াইয়ে নিহত হয়েছে এই চারপেয়ে। এ ঘটনায় শোকাহত
পর্যটক ও তাঞ্জানিয়া ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।
আট-দশটা সিংহের মতো ছিল না বব জুনিয়র।
বিখ্যাত ছিল দীর্ঘ সময় ধরেই। সেরেঙ্গেটি কনজারভেশন অফিসার ফ্রেডি শিরিমার মতে, প্রতিপক্ষ
দলের সিংহরা তাকে হত্যা করেছে।
কোনো দলের প্রধান সিংহ বৃদ্ধ হয়ে গেলে
ক্ষমতার পালাবদলের প্রশ্ন আসে। তাছাড়া কোনো কারণে দলের অন্যান্য পুরুষ সদস্যরাও প্রধানের
বিরুদ্ধে বিদ্রোহ করে বসে।
স্নিগভির ভাই ট্রিগভি। ক্ষমতা মূলত তাদের
দুজনের হাতেই ছিল। তার ভাগ্যেও ছিল একই পরিণতি। যদিও তারা পৃথক স্থানে খুন হয়েছে। কিন্তু
কর্তৃপক্ষ একে ‘পরিকল্পিত ও সুসংগঠিত হত্যাকাণ্ড’ হিসেবে চিহ্নিত
করেছে।
বব জুনিয়রের বয়স ১০ বছর। তারা বাবার নাম
ছিল বব মার্লি। তার খ্যাতির একটা কারণ ছিল দৃশ্যমানতা। খুব সহজেই তার রাজকীয় চলাফেরা
চোখে পড়ত।
বন্যপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষ জানিয়েছে,
বব জুনিয়রকে বিশেষভাবে কবর দেয়া হবে।
সেরেঙ্গেটিতে তিন হাজার সিংহ রয়েছে। অঞ্চলটি
বিশেষ পর্যটন অঞ্চল হিসেবে পরিচিত। ভক্তরা এ রাজাকে অনলাইনে প্রায়ই স্মরণ করত।