ইসরায়েলি সামরিক বাহিনী শুক্রবার গাজা উপত্যকার অবরোধ ভাঙার চেষ্টাকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ নৌকাটিকেও আটক করেছে। এর একদিন আগে ৪৫০ জন কর্মীসহ বেশিরভাগ জাহাজের পথ আটকে দেয়া হয়। সেখানে সুইডেনের পরিবেশকর্মী গ্রেটা থানবার্গও ছিলেন। খবর রয়টার্স।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আয়োজকরা জানিয়েছেন, গাজা থেকে প্রায় ৪২ দশমিক ৫ নটিক্যাল মাইল (৭৯ কিমি) দূরে 'ম্যারিনেট' নামের শেষ জাহাজটিকে আটক করা হয়। ইসরায়েলি আর্মি রেডিওর খবরে বলা হয়েছে, নৌবাহিনী বহরের শেষ জাহাজটির নিয়ন্ত্রণ নিয়েছে, জাহাজে থাকা কর্মীদের আটক করেছে এবং জাহাজটিকে ইসরায়েলের আশদোদ বন্দরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি নৌবাহিনী এখন ‘অবৈধভাবে আমাদের ৪২টি জাহাজকেই আটক করেছে—যার প্রতিটিতে মানবিক সাহায্য, স্বেচ্ছাসেবী এবং ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙার দৃঢ় সংকল্প ছিল।‘
তবে, ইসরায়েলের নৌ অবরোধকে চ্যালেঞ্জ জানাতে আরো একটি নতুন প্রচেষ্টা শুরু হয়েছে। শুক্রবার ১১টি জাহাজ নিয়ে গঠিত একটি নতুন বহর গাজার দিকে যাত্রা করেছে বলে আয়োজকরা জানিয়েছেন। সেখানে চিকিৎসক ও সাংবাদিকদের বহনকারী একটি জাহাজও রয়েছে। আয়োজকদের দেয়া লাইভ-ট্র্যাকারে নৌকাগুলোকে গ্রিপ দ্বীপ ক্রিট এবং মিশরের মধ্য দিয়ে ভূমধ্যসাগরের দক্ষিণ-পূর্বে যেতে দেখা গেছে। একটি নৌকা থেকে সরাসরি সম্প্রচারে অ্যাকটিভিস্টদের ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিতেও শোনা যায়।
'ম্যারিনেট' থেকে সম্প্রচারিত একটি ক্যামেরায় একজনকে হাতে একটি নোট ধরে থাকতে দেখা যায়, যাতে লেখা ছিল— ‘আমরা একটি জাহাজ দেখছি! এটি একটি যুদ্ধজাহাজ।‘ এরপর একটি নৌকা কাছে আসতে দেখা যায় এবং ইসরায়েলি সেনারা জাহাজে উঠে আসে। জাহাজে থাকা কর্মীদের নড়াচড়া না করতে এবং হাত উপরে তোলার আদেশ দিতেও শোনা যায়।