ইসরায়েলি পুলিশের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার অধিকৃত পশ্চিম তীরে আলাদা ঘটনায় এ দুজন নিহত হন। তাদের মধ্যে একজন কিশোর রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।
ইসরায়েলি পুলিশের বরাত দিয়ে এপি জানায়, অধিকৃত পশ্চিম তীরে তুলকারেম শহরের একটি সামরিক নিরাপত্তা চৌকির কাছে বাধা উপেক্ষা করে যাওয়ার চেষ্টা করে এক ব্যক্তি। সন্দেহভাজন হিসেবে ইসরায়েলের পুলিশ গুলি চালায়। এতে ওই ব্যক্তি মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতের নাম মাহমুদ ইরাম। তিনি দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের বাসিন্দা ছিলেন।
ইসরায়েলি পুলিশ জানায়, দ্বিতীয় ঘটনাটি ঘটে ওল্ড সিটির বাইরে জেরুজালেমের দক্ষিণে পশ্চিম তীরের একটি বসতিতে। ১৭ বছর বয়সী মুতাসিম আতাল্লাহ নামের এক কিশোর ইসরায়েলি পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে। পুলিশ গুলি চালিয়ে তাকে হত্যা করে।
সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়েছে। এ পরিস্থিতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। গত কয়েক সপ্তাতে কমপক্ষে ১৮ জন ইসরায়েলি ও ৩০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।