‘বিচার নয়, উইচ হান্ট চলছে’, নেতানিয়াহুর বিচার বাতিল চান ট্রাম্প

'যুক্তরাষ্ট্রই ইসরায়েলকে বাঁচিয়েছে, আর এখন আবার যুক্তরাষ্ট্রই নেতানিয়াহুকে রক্ষা করবে।‘

২০১৯ সালে ঘুষ, জালিয়াতি ও আস্থাভঙ্গের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা দায়ের করে ইসরায়েলি কর্তৃপক্ষ। বিচারকাজ শুরু হয় ২০২০ সালে এবং এতে অন্তর্ভুক্ত রয়েছে তিনটি ফৌজদারি মামলা। নেতানিয়াহু সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাকে ‘উইচ হান্টিং’ বা ‘ডাইনি শিকার” হিসেবে আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি নেতানিয়াহুকে সাধারণ ক্ষমা দেয়ারও আহ্বান জানিয়েছেন। খবর আল জাজিরা।

বুধবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট দিয়ে ট্রাম্প লিখেছেন, ‘নেতানিয়াহুর বিচার অবিলম্বে বাতিল করা উচিত, অথবা তাকে ক্ষমা করা উচিত। তিনি ইসরায়েলের জন্য যা করেছেন, তাতে তিনি একজন মহান বীর। যুক্তরাষ্ট্রই ইসরায়েলকে বাঁচিয়েছে, আর এখন আবার যুক্তরাষ্ট্রই নেতানিয়াহুকে রক্ষা করবে।‘

ট্রাম্প আরো লেখেন, ‘এত কিছু করা একজন মানুষের বিরুদ্ধে এমন ডাইনি শিকার আমার কাছে অকল্পনীয়।‘ তিনি জানান, নেতানিয়াহু সোমবার আদালতে হাজির হবেন বলেই শুনেছেন।

২০১৯ সালে ঘুষ, জালিয়াতি ও আস্থাভঙ্গের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা দায়ের করে ইসরায়েলি কর্তৃপক্ষ। বিচারকাজ শুরু হয় ২০২০ সালে এবং এতে অন্তর্ভুক্ত রয়েছে তিনটি ফৌজদারি মামলা। নেতানিয়াহু সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানায়, চলতি বছরের ৩ জুন থেকে তেল আবিবের আদালতে নেতানিয়াহুর জেরা শুরু হয়েছে, যা শেষ হতে এক বছর সময় লাগতে পারে।

ইসরায়েলের প্রেসিডেন্ট ইসহাক হারজগের হাতে সাধারণ ক্ষমা প্রদানের সাংবিধানিক ক্ষমতা থাকলেও তিনি এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অনুরোধ পাননি বলে জানিয়েছেন। একই সঙ্গে ইসরায়েলি সংবাদমাধ্যমে তিনি উদ্ধৃত হয়েছেন যে, ক্ষমার বিষয়টি বর্তমানে আলোচনায় নেই।

আরও