হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচলে মার্কিন নৌবাহিনীর প্রহরা দেয়ার ঘোষণাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, আইআরজিসির মুখপাত্র আলিমোহাম্মদ নাইনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই ‘দুঃসাহস’ দেখানোর জন্য উসকানি দিয়েছেন। এর আগে গত মঙ্গলবার ট্রাম্প জানিয়েছিলেন যে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে স্থবির হয়ে পড়া শিপিং এবং জ্বালানি রফতানি সচল করতে প্রয়োজনে মার্কিন নৌবাহিনী তেলবাহী ট্যাঙ্কারগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাবে। খবর রয়টার্স।
ট্রাম্পের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে আইআরজিসি মুখপাত্র নাইনি বলেন, ‘ইরান তেলবাহী ট্যাঙ্কারগুলোকে মার্কিন এসকর্ট দেয়ার এই সিদ্ধান্তকে জোরালোভাবে স্বাগত জানায়। আমরা অধীর আগ্রহে হরমুজ প্রণালীতে তাদের উপস্থিতির অপেক্ষায় আছি।‘ তবে এই স্বাগত জানানোর আড়ালে যে প্রচ্ছন্ন হুমকি রয়েছে, তা স্পষ্ট হয়েছে নাইনির পরবর্তী মন্তব্যে। তিনি মার্কিনিদের সতর্ক করে বলেন, ‘যেকোনো সিদ্ধান্ত নেয়ার আগে মার্কিনিদের উচিত ১৯৮৭ সালে মার্কিন সুপারট্যাঙ্কার ব্রজেটন-এ অগ্নিকাণ্ডের ঘটনা এবং সম্প্রতি যে ট্যাঙ্কারগুলো আক্রান্ত হয়েছে, সেই স্মৃতিগুলো মনে রাখা।‘
গত শনিবার থেকে ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ জলপথে অন্তত নয়টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালী দিয়ে বর্তমানে জাহাজ চলাচল কার্যত বন্ধ রয়েছে। রেভল্যুশনারি গার্ডের পক্ষ থেকে এরইমধ্যে জাহাজগুলোকে এই জলপথ অতিক্রম না করার নির্দেশ দেয়া হয়েছে।