যুক্তরাষ্ট্রে জাপানি গাড়ির আমদানি শুল্ক ১৫ শতাংশে নামানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগে এ শুল্ক ছিল ২৭.৫ শতাংশ। ফলে যুক্তরাষ্ট্রে জাপানি গাড়ির শুল্ক কমে প্রায় অর্ধেকে নামল। দীর্ঘ আলোচনার পর হওয়া এ চুক্তির অংশ হিসেবে জাপান যুক্তরাষ্ট্রে বিশাল অঙ্কের বিনিয়োগ করতেও রাজি হয়েছে। খবর বিবিসি।
সংবাদমাধ্যমটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে জাপানি গাড়ি আমদানির শুল্ক ২৭.৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে এনেছেন। এতে টয়োটা, হোন্ডা ও নিসানের মতো মোটরশিল্পের জায়ান্টদের জন্য অনিশ্চয়তা কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।
হোয়াইট হাউস জানিয়েছে, জুলাইয়ে ঘোষিত এ চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো। এর আওতায় যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া প্রায় সব জাপানি পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে— এর মধ্যে গাড়ি ও ওষুধও রয়েছে। এ চুক্তির অংশ হিসেবে টোকিও ৫৫০ বিলিয়ন ডলার মার্কিন প্রকল্পে বিনিয়োগ করতে এবং ধীরে ধীরে নিজেদের বাজার আমেরিকান পণ্যের জন্য উন্মুক্ত করতে রাজি হয়েছে। এর মধ্যে গাড়ি ও চালও অন্তর্ভুক্ত থাকবে। ট্রাম্প চলতি বছরের এপ্রিল মাসে বিশ্বের বেশিরভাগ দেশের ওপর ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দেয়ার পর মাসব্যাপী আলোচনার পর এ সমঝোতা হয়।