ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্র ও স্পেনের নাগরিক গ্রেফতার

ভেনিজুয়েলাকে ‘অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগে তিন মার্কিন, দুই স্পেন ও চেক প্রজাতন্ত্রের এক নাগরিককে গ্রেফতার করার কথা জানিয়েছে দেশটির সরকার।

ভেনিজুয়েলাকে ‘অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগে তিন মার্কিন, দুই স্পেন ও চেক প্রজাতন্ত্রের এক নাগরিককে গ্রেফতার করার কথা জানিয়েছে দেশটির সরকার। ভেনিজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী ডিয়োসদাদু কাবেলো বলেছেন, শত শত অস্ত্রও জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোসহ শীর্ষ কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্র করেছিলেন।

বিতর্কিত নির্বাচনে মাদুরোর জয়লাভের পর তার ঘনিষ্ঠ ১৬ কর্মকর্তার ওপর ওয়াশিংটনের নিষেধাজ্ঞার দুদিন বাদে এ গ্রেফতারের ঘটনা ঘটল।

এক সংবাদ সম্মেলনে শনিবার ভেনিজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী ডিয়োসদাদু কাবেলো বলেন, আটক দুই স্প্যানিশ নাগরিককে পুয়ের্তো আয়াকুচো শহরে ছবি তোলার সময় গ্রেফতার করা হয়েছে। তাদের সঙ্গে স্পেনের গোয়েন্দা সংস্থার সম্পর্ক রয়েছে।

কাবেলো আরো অভিযোগ করেন, তিন মার্কিন ও চেক প্রজাতন্ত্রের এক নাগরিক সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তারা মাদুরো ও অন্য কর্মকর্তাদের গুপ্তহত্যা করার পরিকল্পনা করছিলেন বলেও অভিযোগ রয়েছে। তিনি বলেন, ‘তারা দেশের সম্পদ কুক্ষিগত করতে চায় এবং আমরা সরকার হিসেবে যেকোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।’ যুক্তরাষ্ট্র থেকে আসা প্রায় ৪০০টি রাইফেল জব্দ করার কথাও জানান তিনি।

এদিকে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ভেনিজুয়েলার কাছে এ ব্যাপারে তথ্য চেয়েছে। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, স্পেনের দূতাবাস থেকে ভেনিজুয়েলা সরকারের কাছে একটি মৌখিক নোট পাঠানো হয়েছে। সেখানে আটক নাগরিকদের সঙ্গে যোগাযোগের সুযোগ দিতে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, ‌ভেনিজুয়েলায় ‌যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক সদস্য আটক হয়েছেন। আরো দুই মার্কিন নাগরিক আটক হওয়ার খবর তারা অনিশ্চিত সূত্র থেকে জানতে পেরেছেন।

ভেনিজুয়েলা সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচত দেশটির জাতীয় নির্বাচনী পরিষদ (সিএনই) গত জুলাইয়ের প্রেসিডেন্ট নির্বাচনে মাদুরোকে বিজয়ী ঘোষণা করে। দুরোর বিজয়ের বিষয়ে ভোটের বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ওই পরিষদ। তবে বিরোধীদের প্রকাশিত তথ্যে দেখা গেছে, মাদুরো নয় জয় পেয়েছেন তাদের প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ।

সরকারি ফলাফল প্রত্যাখ্যান করে রাস্তায় নামেন বিক্ষোভকারী। তাদের ওপর টিয়ার গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী।

আরও