মাখোঁ শত্রুতামূলক আচরণ করলে ফরাসি শ্যাম্পেন-ওয়াইনে ২০০ শতাংশ শুল্ক: ট্রাম্প

ট্রাম্প বলেন, ‘সে কি এমনটা বলেছে? আচ্ছা, কেউ তো ওকে চায়ও না, কারণ সে খুব শিগগিরই ক্ষমতা থেকে চলে যাবে। তবুও যদি সে শত্রুতামূলক আচরণ করে তাহলে আমি তার ওয়াইন ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক বসাব।’

গাজা উপত্যকা পুনর্গঠনে গঠিত ‘বোর্ড অফ পিস’—এ যোগ দিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফরাসি প্রেসিডেন্টকে কড়া ভাষায় আক্রমণ করে দেশটির ওয়াইন ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন তিনি। খবর রয়টার্স

মঙ্গলবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের মিয়ামিতে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, মাখোঁর আন্তর্জাতিক প্রভাব প্রায় শেষের পথে। খুব শিগগিরই তিনি ক্ষমতা থেকে সরে যাবেন।

ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি পর্যবেক্ষণের লক্ষে গত বছরের নভেম্বরে গঠিত হয় বোর্ড অব পিস। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদিত সংস্থাটির প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ট্রাম্প। এ বোর্ডে যোগ দিতে বিশ্বের বিভিন্ন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে মাখোঁর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ফরাসি প্রেসিডেন্ট এ উদ্যোগে যোগ দেয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করতে পারেন।

মাখোঁর অবস্থান সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘সে কি এমনটা বলেছে? আচ্ছা, কেউ তো ওকে চায়ও না, কারণ সে খুব শিগগিরই ক্ষমতা থেকে চলে যাবে। তবুও যদি সে শত্রুতামূলক আচরণ করে তাহলে আমি তার ওয়াইন ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক বসাব।’

এরপর ট্রাম্প বলেন ‘শুল্ক বসালে তখন সে নিজেই যোগ (বোর্ড অফ পিসে) দেবে। যদিও তাকে যোগ দিতেই হবে—এমন নয়’

ফ্রান্সের আইন অনুয়ায়ী এমনিতেও প্রেসিডেন্ট মাখোঁ তৃতীয় মেয়াদে নির্বাচন করতে পারবেন না। তার পাঁচ বছরের মেয়াদ শেষ হবে ২০২৭ সালের মে মাসে। তবে ট্রাম্প ‘ক্ষমতাচ্যুত’ বলে আসলে কি বুঝিয়েছেন, তা বিস্তারিত জানানো হয়নি।

২০২৪ সালে যুক্তরাষ্ট্রে ফরাসি ওয়াইন ও স্পিরিটস রফতানির পরিমাণ ছিল ৩ দশমিক ৮ বিলিয়ন ইউরো। যুক্তরাষ্ট্রই এ খাতের সবচেয়ে বড় বাজার। বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাষ্ট্রে রফতানিকৃত ওয়াইন ও স্পিরিটসের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ রয়েছে। গত বছর স্কটল্যান্ডে ট্রাম্প ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের মধ্যে বাণিজ্য চুক্তি হলেও, ফ্রান্স এ শুল্ক শূন্যে নামানোর জন্য চাপ দিয়ে আসছে।

আরও