বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র রমজান মাস কবে শুরু হবে, তা নিয়ে নানামুখী পূর্বাভাস পাওয়া যাচ্ছে। চাঁদ দেখা ও জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দিনে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও চাঁদ দেখা নির্ভর সিদ্ধান্ত নেয়া হচ্ছে, আবার কোথাও জ্যোতির্বিজ্ঞানের গণনার ভিত্তিতে রমজান শুরুর দিন নির্ধারণ করা হচ্ছে।
সৌদি আরবের মক্কায় রমজান মাস শুরু হতে পারে বুধবার অথবা বৃহস্পতিবার। মধ্যপ্রাচ্যের এ দেশগুলোতে চাঁদ দেখা সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। যুক্তরাজ্যের নটিক্যাল অ্যালমানাক দপ্তরের ক্রিসেন্ট মুন ওয়াচের তথ্যানুযায়ী, মক্কার স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে সূর্যাস্ত হবে। এর আগে, বিকাল ৩টা ১ মিনিটে নতুন চাঁদ দেখা যাবে। তবে চাঁদটি আকাশে থাকবে মাত্র ৩ মিনিট। ফলে খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম। এ কারণে সৌদি আরবে বৃহস্পতিবার থেকে রমজান শুরুর সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে।
এর আগের দিন বুধবার সন্ধ্যায় বিশ্বের অধিকাংশ অঞ্চলে নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে সময় চাঁদ দেখা যাবে প্রায় ২৬ ঘণ্টা। চাঁদ আকাশে তুলনামূলক উঁচুতে থাকবে এবং সূর্যাস্তের পর দীর্ঘ সময় দৃশ্যমান থাকতে পারে। এতে সাধারণ মানুষের জন্য চাঁদ দেখা সহজ হবে।
মধ্যপ্রাচ্যের বেশির ভাগ দেশ সৌদি আরবের সিদ্ধান্ত অনুসরণ করে থাকে। সৌদি সুপ্রিম কোর্ট যদি মঙ্গলবার রাতে চাঁদ দেখার প্রমাণ পায়, তাহলে বুধবারকে রমজানের প্রথম দিন ঘোষণা করা হতে পারে। তবে চাঁদের দৃশ্যমান সময় কম হওয়ায় সে সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে।
এশিয়ার দেশগুলোতে বৃহস্পতিবার থেকে রমজান শুরুর সম্ভাবনা বেশি। কারণ মঙ্গলবার এই অঞ্চলে সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে। সিঙ্গাপুর এরই মধ্যে বৃহস্পতিবার থেকে রমজান শুরুর ঘোষণা দিয়েছে। ভারত ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোও বৃহস্পতিবার প্রথম রমজান পালনের পূর্বাভাস দিয়েছে।
ইউরোপীয় কাউন্সিল ফর ফতোয়া অ্যান্ড রিসার্চ জানিয়েছে, বৃহস্পতিবার হবে রমজানের প্রথম দিন। সংস্থাটি বলেছে, জ্যোতির্বিজ্ঞানের হিসাবে মঙ্গলবার চাঁদের জন্ম হলেও তা খালি চোখে বা পর্যবেক্ষণ যন্ত্র দিয়েও দেখা প্রায় অসম্ভব। একই যুক্তিতে তুরস্কও বৃহস্পতিবার রমজান শুরুর ঘোষণা দিয়েছে।
উত্তর আমেরিকায় ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। সেখানে ফিকহ কাউন্সিল অব নর্থ আমেরিকা এবং ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকা জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুসরণ করে বুধবার থেকে রমজান শুরুর ঘোষণা দিয়েছে।
আফ্রিকার অধিকাংশ দেশ বৃহস্পতিবার রমজান শুরুর প্রস্তুতি নিচ্ছে। একই দিনে রমজান শুরুর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ার জাতীয় ইমাম কাউন্সিল।