আফগানিস্তানে ভূমিকম্পে একই পরিবারের ৮ জন নিহত

ধসে পড়া ওই বাড়ির আটজন সদস্য ঘটনাস্থলেই নিহত হন। পরিবারের একমাত্র জীবিত সদস্য দুই বছর বয়সী একটি শিশু, যাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ভূমিকম্পে আফগানিস্তানে এক পরিবারের আট সদস্য নিহত হয়েছেন। শুক্রবার রাতে দেশটির রাজধানী কাবুল প্রদেশের গোসফান্দ দারা এলাকায় ভূ-কম্পন অনুভূত হলে একটি বাড়ি ধসে এ হতাহতের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ৪২ মিনিটে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কাবুল থেকে প্রায় ২৯০ কিলোমিটার দূরে উত্তর-পূর্বাঞ্চলের বাদাখশান প্রদেশে। আর এর গভীরতা ছিল প্রায় ১৮৬ কিলোমিটার। খবর আল জাজিরা।

হতাহতের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান জানিয়েছেন, ধসে পড়া ওই বাড়ির আটজন সদস্য ঘটনাস্থলেই নিহত হন। পরিবারের একমাত্র জীবিত সদস্য দুই বছর বয়সী একটি শিশু, যাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

তবে উৎপত্তিস্থলের কাছাকাছি এলাকায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্গম এলাকা হওয়ায় এসব অঞ্চলের তথ্য পেতে সাধারণত সময় লাগে।

আফগানিস্তানের বিভিন্ন এলাকা ছাড়াও ভারতের রাজধানী নয়াদিল্লি ও পাকিস্তানের ইসলামাবাদ, পেশোয়ার, চিত্রাল, সোয়াত ও শাংলাসহ বিভিন্ন অঞ্চলেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। তবে এসব এলাকায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

আফগানিস্তান হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে অবস্থিত হওয়ায় দেশটি প্রায়ই ভূমিকম্পের ঝুঁকিতে থাকে। ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে হওয়ায় এখানে নিয়মিত কম্পন অনুভূত হয়। গড়ে প্রতি বছর প্রায় ৫৬০ জন মানুষ ভূমিকম্পে প্রাণ হারান।

দেশটির সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটি ঘটে গত আগস্টে। পূর্বাঞ্চলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে পাহাড়ি গ্রামগুলো ধ্বংস হয়ে যায়। এতে অন্তত ২ হাজার ২০০ জন নিহত হন।

আরও