বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভারতের মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান অজিত পাওয়ার। আজ বুধবার সকালে মুম্বাই থেকে তার নির্বাচনী এলাকা বারামতিতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। বিমানে থাকা পাইলট এবং নিরাপত্তা কর্মীসহ মোট পাঁচজনেরই মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ)। খবর এনডিটিভি।
জানা গেছে, আজ সকাল ৮টার দিকে মুম্বাই থেকে একটি চার্টার্ড বিমানে বারামতির উদ্দেশে রওনা হন অজিত পাওয়ার। গন্তব্যের কাছাকাছি পৌঁছানোর পর সকাল পৌনে ৯টা নাগাদ বারামতি বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের পাশে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই বিমানে আগুন ধরে যায়। দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, বিমানটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেখান থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়ছে।
বারামতিতে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে চারটি জনসভায় যোগ দেয়ার কথা ছিল অজিত পাওয়ারের। তিনি ছিলেন প্রবীণ রাজনীতিক শারদ পাওয়ারের ভাতিজা এবং রাজ্য রাজনীতির অন্যতম প্রভাবশালী মুখ। খবর পেয়েই দিল্লির বাজেট অধিবেশন ছেড়ে পুনের উদ্দেশে রওনা হয়েছেন শারদ পাওয়ার এবং সংসদ সদস্য সুপ্রিয়া সুলে।
উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এরইমধ্যে এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে ডিজিসিএ।