ট্রাম্পের গ্রেফতারের হুমকি, মামদানি বললেন ‘কোনো ভীতি মানছি না'

ট্রাম্প মঙ্গলবার ফ্লোরিডার এক অস্থায়ী অভিবাসী আটক কেন্দ্র পরিদর্শনের সময় মামদানির বিরুদ্ধে তির্যক মন্তব্য করে তাকে ‘কমিউনিস্ট’ বলে অভিযুক্ত করেন। ট্রাম্প বলেন, ‘তাহলে আমাদের তাকে গ্রেফতার করতে হবে। আমাদের দেশে কোনো কমিউনিস্টের দরকার নেই।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কের মেয়র পদে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানিকে গ্রেফতার, নাগরিকত্ব কেড়ে নেয়া এবং তাকে দেশছাড়া করার হুমকি দেয়ার পর মামদানি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। খবর দ্য ওয়াশিংটন পোস্ট।

এক বিবৃতিতে মামদানি বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাকে গ্রেফতার, নাগরিকত্ব বাতিল, বন্দিশিবিরে পাঠানো এবং নির্বাসিত করার হুমকি দিয়েছেন। এই হুমকির কারণ শুধুমাত্র এটাই যে, আমি আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) এজেন্টদেরকে আমাদের শহরে ত্রাস সৃষ্টিতে সহযোগিতা করব না।‘

৩৩ বছর বয়সী মামদানি আরো বলেন, ‘ওনার (ট্রাম্প) এই বক্তব্য শুধু আমাদের গণতন্ত্রের ওপর আঘাত নয়, বরং প্রতিটি নিউইয়র্কারের জন্য একটি বার্তা— যদি আপনি মুখ খুলেন, তারা আপনার পেছনে আসবে। আমরা এই ভীতি প্রদর্শন কোনোভাবে মেনে নেব না।‘

ট্রাম্প মঙ্গলবার ফ্লোরিডার এক অস্থায়ী অভিবাসী আটক কেন্দ্র পরিদর্শনের সময় মামদানির বিরুদ্ধে তির্যক মন্তব্য করে তাকে ‘কমিউনিস্ট’ বলে অভিযুক্ত করেন। ট্রাম্প বলেন, ‘তাহলে আমাদের তাকে গ্রেফতার করতে হবে। আমাদের দেশে কোনো কমিউনিস্টের দরকার নেই। যদি থাকে, আমি জাতির স্বার্থে তাকে খুব কাছ থেকে নজর রাখব।‘

উগান্ডায় জন্ম নেয়া ভারতীয় বংশোদ্ভূত মামদানি ২০১৮ সালে মার্কিন নাগরিক হন এবং কুইন্সের অংশবিশেষের প্রতিনিধিত্বকারী নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য তিনি।

ট্রাম্পের হুমকির নিন্দা জানিয়ে নিউইয়র্ক গভর্নর ক্যাথি হোকল বলেন, ‘আপনি প্রেসিডেন্ট হোন বা অন্য কেউ, আমাদের কোনো প্রতিবেশীর ওপর অবৈধ আক্রমণের হুমকি দিলে আপনি ২ কোটি নিউইয়র্কারের সঙ্গে লড়াইতে নামবেন—শুরু হবে আমার কাছ থেকে।‘

ভাড়া নিয়ন্ত্রণ, বিনামূল্যে সিটি বাস সেবা, এবং সিটি করপোরেশন পরিচালিত মুদি দোকান প্রতিষ্ঠার মতো মামদানির প্রগতিশীল নীতিগুলো ডেমোক্র্যাটিক পার্টির প্রতিষ্ঠিত অংশের জন্যও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে সিনেটর বার্নি স্যান্ডার্স এবং কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ তার পক্ষে সমর্থন জানিয়েছেন।

মেয়র এরিক অ্যাডামসকে ট্রাম্পের প্রকাশ্য সমর্থন প্রসঙ্গে মামদানি বলেন, ‘এতে অবাক হওয়ার কিছু নেই। এই মেয়রের সময় শেষ করা কতটা জরুরি, সেটাই দেখা যাচ্ছে।‘

আরও