একুয়েডরের উপকূলীয় প্রদেশ গুইয়াসের সান্তা লুসিয়ায় এক নাইটক্লাবে সশস্ত্র হামলায় আটজন নিহত ও তিনজন আহত হয়েছেন। রোববার ভোরে এ ঘটনা ঘটে। খবর বিবিসি।
পুলিশ জানিয়েছে, ভোরে বন্দুকধারীরা নাইটক্লাবে ঢুকে গুলি চালালে ঘটনাস্থলেই সাতজন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে নাইটক্লাবের মালিকও আছেন।
স্থানীয় গণমাধ্যম ও সংবাদ সংস্থা এপি জানিয়েছে, হামলার কারণ এখনো স্পষ্ট নয়। সান্তা লুসিয়া গুইয়াস প্রদেশের একটি ছোট শহর। বর্তমানে গুইয়াসসহ চারটি প্রদেশে গ্যাং সহিংসতা দমনে জরুরি অবস্থা চলছে।
এদিকে, নিহত নাইটক্লাবের মালিক সান্তা লুসিয়ার মেয়র উবালদো উর্কিজোর ভাই। তার মৃত্যুর পর স্থানীয় প্রশাসনের ফেসবুক পেজে শোকবার্তায় বলা হয়েছে, 'আমরা সম্মান ও সংহতির সঙ্গে তাদের শোক ভাগ করে নিচ্ছি, প্রার্থনা করছি যেন তারা শক্তি ও সান্ত্বনা পায়।'
এছাড়া একই প্রদেশে গত ১৯ জুলাইও একটি পুল হলে ৯ জনকে গুলি করে হত্যা করা হয়। আবার ২৭ জুলাই একটি বারে ১৭ জন নিহত হয়।
গত বছরের জানুয়ারিতে একুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া দলগত অপরাধ দমনে কঠিন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। কিন্তু সেনা মোতায়েন ও নিরাপত্তা জোরদারের পরেও সহিংসতা কমেনি।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত ৪ হাজার ৫১টি হত্যাকাণ্ড ঘটেছে। সরকারি তথ্যানুসারে, বিশ্বের মোট উৎপাদিত কোকেনের প্রায় ৭০ শতাংশ একুয়েডরের বন্দর দিয়ে পার হয়। এটি দেশটিতে গ্যাং সহিংসতার অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।