ক্রাইমিয়া ছাড়তে অস্বীকৃতি, যুদ্ধ দীর্ঘায়িত করায় জেলেনস্কিকে দায়ী করলেন ট্রাম্প

‘কেউ তাকে ক্রাইমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকার করতে বলেনি, কিন্তু তিনি যদি সত্যিই ক্রাইমিয়া চান তাহলে এগারো বছর আগে যখন কোনো গুলি না চালিয়েই রাশিয়া তা দখল করল, তখন কেন লড়েননি?’—নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এমন প্রশ্ন তোলেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (২৩ এপ্রিল) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে তোপ দেগে বলেন, ক্রাইমিয়া রাশিয়াকে ছেড়ে দিতে অস্বীকৃতি জানিয়ে তিনি ইউক্রেনকে ‘হত্যাকাণ্ডের ময়দান’ হিসেবে রাখা দীর্ঘায়িত করছেন। খবর এপি।

মঙ্গলবার জেলেনস্কি বলেন, রাশিয়ার সঙ্গে আলোচনার আগে ইউক্রেন কোনো ভূখণ্ড ছাড়বে না। ‘এই নিয়ে কিছু বলার নেই। ক্রাইমিয়া আমাদের জমি, ইউক্রেনীয় জনগণের জমি,’ বলেন তিনি।

গত সপ্তাহে প্যারিসে বৈঠকে মার্কিন কর্মকর্তারা একটি প্রস্তাব দেন যাতে দখলকৃত ইউক্রেনীয় ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে রাখলে যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা থাকে—এমনটাই জানিয়েছেন পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক ইউরোপীয় কর্মকর্তা।

ট্রাম্প বলেন, জেলেনস্কির এই অবস্থান আলোচনার জন্য খুবই ক্ষতিকর। ‘কেউ তাকে ক্রাইমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকার করতে বলেনি, কিন্তু তিনি যদি সত্যিই ক্রাইমিয়া চান তাহলে এগারো বছর আগে যখন কোনো গুলি না চালিয়েই রাশিয়া তা দখল করল, তখন কেন লড়েননি?’—নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এমন প্রশ্ন তোলেন ট্রাম্প।

উল্লেখ্য, ২০১৪ সালে রাশিয়া ক্রাইমিয়া দখল করে এবং কয়েক সপ্তাহের মধ্যে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা পূর্ব ইউক্রেনে বিদ্রোহ শুরু করে।

ট্রাম্প দাবি করেন, একটি শান্তিচুক্তি কাছাকাছি পৌঁছানো গেছে এবং এখন সিদ্ধান্ত জেলেনস্কির হাতে—তিনি শান্তি বেছে নিতে পারেন নাকি ‘আরো তিন বছর যুদ্ধ করে গোটা দেশটাই হারাতে পারেন।‘

ট্রাম্প বলেন, জেলেনস্কির বক্তব্য ‘শুধু হত্যাযজ্ঞ দীর্ঘায়িত করবে, এবং কেউ তা চায় না!’

আরও