ইরান পরিস্থিতি মধ্যস্থতায় বিশেষ দূত পাঠাচ্ছে চীন

ওয়াশিংটনে চীন দূতাবাসের মুখপাত্র জানান, মধ্যপ্রাচ্য বিষয়ক চীনের বিশেষ দূত ঝাই জুন সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা করতে শিগগিরই ওই অঞ্চলে সফরে যাবেন

ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া উত্তেজনা কমাতে বিশেষ দূত পাঠানোর ঘোষণা দিয়েছে চীন। শান্তি বজায় ও সংকট নিরসনের লক্ষ্যে মধ্যপ্রাচ্য বিষয়ক চীনের বিশেষ দূত শিগগিরই ওই অঞ্চলে সফরে যাবেন। খবর তাস।

ওয়াশিংটনে চীন দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ আজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মধ্যপ্রাচ্য বিষয়ক চীনের বিশেষ দূত ঝাই জুন সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা করতে শিগগিরই ওই অঞ্চলে সফরে যাবেন।

চীন দূতাবাসের এ মুখপাত্র আরো জানান, ইরান ও এর আশপাশে চলমান উত্তেজনা কমাতে চীন সব পক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে। বিশেষ দূত ঝাই জুন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করার চেষ্টা করবেন।

মূলত ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে, তার প্রেক্ষাপটেই চীন এ উদ্যোগ নিয়েছে।

এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এরই মধ্যে রাশিয়া, ইরান, ওমান, ফ্রান্স, ইসরায়েল, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এসব আলোচনায় তিনি আঞ্চলিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং সংঘাত বন্ধ করে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।

চীন দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ আরো জানান, ইরান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চীন ও রাশিয়ার সমর্থনে এ বৈঠক ডাকা হয়।

এর আগে, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপকালে ওয়াং ই জানান, মধ্যপ্রাচ্যে শান্তি পুনরুদ্ধারের লক্ষ্যে চীন মধ্যস্থতার উদ্যোগ নিতে এবং এ জন্য বিশেষ দূত পাঠাতে প্রতিশ্রুতিবদ্ধ।

আরও