ইউক্রেনের সামরিক স্থাপনা ও জেলে রুশ হামলা, যুদ্ধ থামাতে ট্রাম্পের ১০ দিনের আল্টিমেটাম

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ ট্রাম্পকে হুঁশিয়ার করে বলেন, ‘প্রতিটি নতুন আল্টিমেটাম একটি হুমকি এবং যুদ্ধের দিকে আরো এক ধাপ অগ্রসর হওয়া—তবে রাশিয়ার সঙ্গে নয়, বরং তার নিজের দেশের সঙ্গে।’

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন ইউক্রেনীয় সেনা নিহত ও ১৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী। মঙ্গলবার ইউক্রেনের স্থলবাহিনীর একটি প্রশিক্ষণ ইউনিটে এ হামলা চালানো হয় বলে বুধবার ভোরে এক ফেসবুক পোস্টে জানানো হয়। তবে আঘাত হানার সুনির্দিষ্ট স্থান প্রকাশ করা হয়নি। খবর দ্য গার্ডিয়ান।

অন্যদিকে, মঙ্গলবার একটি কারাগারে রুশ হামলায় অন্তত ১৬ জন নিহত ও বহু আহত হন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাতে দেয়া ভিডিও ভাষণে তিনি বলেন, ‘রাশিয়া জানত এটি একটি বেসামরিক প্রতিষ্ঠান। তারপরেও সজ্ঞানে হামলা করেছে।’ তিনি আরো বলেন, ‘আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে হামলা অব্যাহত রেখেছে মস্কো। তাদের ওপর চাপ বজায় রাখা জরুরি।’

এসব হামলার পরপরই যুদ্ধ থামাতে রাশিয়ার ওপর সম্ভাব্য নতুন নিষেধাজ্ঞার সময়সীমা ১০ দিনে নামিয়ে এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্কটল্যান্ড সফর শেষে মার্কিন প্রেসিডেন্টের বিমানে সাংবাদিকদের তিনি জানান, পুতিনের পক্ষ থেকে কোনো সাড়া তিনি এখনো পাননি। ‘এটা দুঃখজনক’ বলে মন্তব্য করেন ট্রাম্প।

এদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ট্রাম্পের বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘আমরা বিষয়টি লক্ষ্য করেছি।’ তবে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ ট্রাম্পকে হুঁশিয়ার করে বলেন, ‘প্রতিটি নতুন আল্টিমেটাম একটি হুমকি এবং যুদ্ধের দিকে আরো এক ধাপ অগ্রসর হওয়া—তবে রাশিয়ার সঙ্গে নয়, বরং তার নিজের দেশের সঙ্গে।’

আরও