যুক্তরাষ্ট্র সিনেটে ট্রাম্পের ‘বিগ ওয়ান্ডারফুল বিল’ নিয়ে ভোটাভুটি শুরু

ডেমোক্র্যাট সিনেটর অ্যাডাম শিফ বিলটিকে ‘ভয়াবহ’ বলে আখ্যা দিয়ে বলেন, এটি দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা কেড়ে নেবে।

রিপাবলিকানদের কাছ থেকে সর্বোচ্চ তিনটি ভিন্নমত আসতে পারে। না হলে ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকেই টাই-ব্রেকিং ভোট দিতে হবে। বিলটি পাস হলে তা আবার হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে যাবে। সেখানেও ভোট হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, কারণ হাউজের কিছু রিপাবলিকানও বিল নিয়ে ক্ষুব্ধ।

যুক্তরাষ্ট্র সিনেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত বাজেট প্রস্তাব ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’-এর ওপর দীর্ঘমেয়াদি ভোটাভুটি শুরু করেছে। প্রস্তাবটি পাস না হলে ট্রাম্পের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরিকল্পনা মুখ থুবড়ে পড়তে পারে। খবর রয়টার্স।

রিপাবলিকানরা কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠ হলেও সামাজিক সুরক্ষা খাতে কতটা ছাঁটাই করা হবে তা নিয়ে তাদের মধ্যেই বিভাজন স্পষ্ট। বাজেট প্রস্তাবে বিপুল করছাড় অব্যাহত রাখার শর্তে কল্যাণমূলক কর্মসূচিতে কাটছাঁটের প্রস্তাব রাখা হয়েছে।

ট্রাম্পের দল এই সপ্তাহের ৪ জুলাই স্বাধীনতা দিবসের আগে বিলটি পাস করতে মরিয়া। তবে শেষ মুহূর্ত পর্যন্ত নানা সংশোধনী ও তর্ক-বিতর্কে বিলের ভবিষ্যৎ অনিশ্চিত।

সোমবার সিনেটররা একের পর এক সংশোধনীতে ভোট দেন। ফ্লোরিডার রিপাবলিকান সিনেটর রিক স্কটের প্রস্তাবিত মেডিকেইড কাটছাঁট নিয়ে বিতর্ক তুঙ্গে। এতে প্রায় ২ কোটি আমেরিকান স্বাস্থ্যবীমা হারাতে পারেন বলে অনুমান করা হচ্ছে। সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন বলছেন, ‘বিলটি ২০৩১ সালের আগে কার্যকর হবে না, তাই এখনই আতঙ্কের কিছু নেই।‘

ডেমোক্র্যাট সিনেটর অ্যাডাম শিফ বিলটিকে ‘ভয়াবহ’ বলে আখ্যা দিয়ে বলেন, এটি দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা কেড়ে নেবে।

রোববার ডেমোক্র্যাটরা বিলের অগ্রগতি থামাতে কৌশল হিসেবে সিনেট ক্লার্কদের প্রায় ৯৪০ পৃষ্ঠার বিল পড়ে শোনাতে বাধ্য করেন, যা ১৬ ঘণ্টা সময় নেয়।

বিলের পক্ষে শনিবার ৫১-৪৯ ভোটে প্রাথমিক পদক্ষেপ গৃহীত হলেও দুই রিপাবলিকান এর বিরোধিতা করেন। তাদের একজন, নর্থ ক্যারোলিনার সিনেটর থম টিলিস পরবর্তীতে অবসর ঘোষণা করে বলেন, ‘বিলটি জনগণকে দেয়া অঙ্গীকার ভঙ্গ করছে।‘ হোয়াইট হাউজ এই মন্তব্যের কড়া জবাব দিয়ে বলেছে, ‘ওই মন্তব্য সঠিক নয়।‘

কেন্টাকির সিনেটর র‍্যান্ড পলও ঋণ বৃদ্ধি ও স্বাস্থ্যবীমা ছাঁটাইকে কেন্দ্র করে ভোটের বিরোধিতা করেছেন। সোমবার আলাস্কার রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভান জানান, ‘মেডিকেইড নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।‘

বিলের পূর্ণ ভোট সোমবার রাত বা মঙ্গলবার ভোরে হতে পারে। রিপাবলিকানদের কাছ থেকে সর্বোচ্চ তিনটি ভিন্নমত আসতে পারে। না হলে ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকেই টাই-ব্রেকিং ভোট দিতে হবে। বিলটি পাস হলে তা আবার হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে যাবে। সেখানেও ভোট হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, কারণ হাউজের কিছু রিপাবলিকানও বিল নিয়ে ক্ষুব্ধ।

রিপাবলিকান হাউজ ফ্রিডম ককাস এক বিবৃতিতে জানিয়েছে, এই বাজেট প্রস্তাবে ৬৫০ বিলিয়ন ডলার অতিরিক্ত ঘাটতি যোগ হবে। তারা বলেছে, এটি কোনো অর্থনৈতিক দায়িত্বশীলতার পরিচয় নয়।

প্রস্তাবিত কাটছাঁটে প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ স্বাস্থ্যবীমা হারাতে পারেন এবং ৩ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার ঋণ যোগ হতে পারে।

বিলটিতে ট্রাম্পের প্রচারণার অঙ্গীকার অনুযায়ী সোশ্যাল সিকিউরিটি কর ছাড় এবং অতিরিক্ত কাজের আয়ে কর রদ করার প্রস্তাব আছে। নতুনভাবে ৫ ট্রিলিয়ন ডলার ঋণ নেয়ার অনুমোদনও চাওয়া হয়েছে।

এই প্রস্তাব নিয়ে ধনকুবের ইলন মাস্ক সোশ্যাল মিডিয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘বিলটি পাস হলে পরদিনই আমেরিকা পার্টি গঠন করা হবে।‘

বর্তমানে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ৩৬ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সতর্ক করেছেন, জুলাইয়ের মধ্যে ঋণসীমা নিয়ে সমাধান না হলে আগস্টে সরকার দেউলিয়া হতে পারে।

আরও