সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা হুথিদের

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে। সোমবার দেয়া এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, তাৎক্ষণিকভাবে এ অবরোধ কার্যকর হবে।

বিবৃতিতে বাহিনীটি আরো জানিয়েছে, ইয়েমেনের ওপর সৌদি আরবের আরোপিত ‘অন্যায্য ও নিপীড়নমূলক অবরোধের’ জবাবে ‘চোখের বদলে চোখ’ নীতির ভিত্তিতে তারা ‘অপরাধী সৌদি শত্রুর’ বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করেছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এ ঘোষণাকে যুক্তরাষ্ট্র–ইরান সংঘাতের নতুন মাত্রা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের আশঙ্কা, এর ফলে পারস্য উপসাগরের বাইরেও বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্য ঝুঁকির মুখে পড়তে পারে।

হুতিদের এ ঘোষণার আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা প্রশমনে পুনরায় কূটনৈতিক উদ্যোগের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তবে নতুন এ পদক্ষেপে সেই সম্ভাবনা অনিশ্চয়তার মুখে পড়েছে। ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম সাময়িকভাবে বেড়ে গেলেও পরে কূটনৈতিক সমাধানের আশায় তা কিছুটা কমে আসে।

যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোয় হামলা অব্যাহত রাখলে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দেয়ার জন্য হুতিদের ওপর চাপ দিচ্ছিল তেহরান। প্রণালীটি সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে বিশ্বব্যাপী মোট তেল সরবরাহের প্রায় ৭ শতাংশ ঘাটতি দেখা দেবে; কারণ এতে সৌদি আরবের অধিকাংশ তেল রফতানি সমুদ্রপথে বের হওয়ার পথ বন্ধ হয়ে যাবে। পারস্য উপসাগরের চলমান যুদ্ধের কারণে এমনিতেই বিশ্বব্যাপী তেল সরবরাহ ১০ শতাংশ হ্রাস পেয়েছে, তার ওপর এ নতুন প্রতিবন্ধকতা বিশ্ব অর্থনীতিতে আরো বড় বিপর্যয় ডেকে আনতে পারে।

-রয়টার্স

আরও