এয়ার ইন্ডিয়া ট্র্যাজেডি

২৪২ আরোহীর কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই

জানা গেছে, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই পাইলট একটি 'মে-ডে' (জরুরি) বার্তা পাঠান। তবে এরপর নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে একাধিকবার ডাকা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভারতের আহমেদাবাদে আবাসিক এলাকায় এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ২৪২ আরোহীর কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাদের মধ্যে ২৩২ জন যাত্রী ও ১২ জন ফ্লাইট ক্রু ছিলেন। খবর এনডিটিভির।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা ৩৮ মিনিটে ভারতের গুজরাটের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ ফ্লাইট। বিমানটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিল।

ভারতীয় গণমাধ্যম, পুলিশ ও উদ্ধারকর্মীদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উড়োজাহাজটি বিমানবন্দরের কাছে বি জে মেডিকেল কলেজের শিক্ষার্থী হোস্টেলের ওপর বিধ্বস্ত হয়েছে। ভবনের ওপরের তলায় শিক্ষার্থীদের ডাইনিং স্পেস (এক সঙ্গে বসে খাবার স্থান) ছিল। দুর্ঘটনায় সেখানকার অন্তত ৫ শিক্ষার্থীও প্রাণ হারিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই পাইলট একটি 'মে-ডে' (জরুরি) বার্তা পাঠান। তবে এরপর নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে একাধিকবার ডাকা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে জানা গেছে, বিমানটি উড্ডয়নের পর ৮২৫ ফিট উচ্চতায় পৌঁছানোর পরপরই তা আবার নিচে নামতে শুরু করে ও এক পর্যায়ে বিধ্বস্ত হয়। বোয়িং ৭৮৭-৮ মডেলের উড়োজাহাজটি ভারতের স্থানীয় সময় ১টা ৩৮ মিনিটে উড্ডয়ন করে। এতে ১৬৯ ভারতের, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডার ও ৭ জন পর্তুগালের নাগরিক ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুর্ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, উড্ডয়নের পর উড়োজাহাজটি কম উচ্চতায় উড়ছিল এবং উচ্চতা অর্জনে হিমশিম খাচ্ছিল। এর কিছুক্ষণ পরই সেটি মাটিতে আছড়ে পড়ে এবং একটি বিশাল আগুনের গোলায় বিস্ফোরিত হয়। এটিতে লন্ডনের দূরপাল্লার যাত্রার জন্য পর্যাপ্ত জ্বালানি ভর্তি ছিল।

দুর্ঘটনার পর ভারতের বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু এক বিবৃতিতে বলেন, আহমেদাবাদে দুর্ঘটনার খবর শুনে আমি মর্মাহত ও বিধ্বস্ত। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি। আমি ব্যক্তিগতভাবে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং সংশ্লিষ্ট উড়োজাহাজ ও জরুরি সেবা সংস্থাগুলোকে দ্রুত ও সমন্বিতভাবে পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছি। মন্ত্রী আরো জানান, উদ্ধারকারী দল এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছে গেছে এবং দুর্ঘটনাস্থলে চিকিৎসা সহায়তা ও ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে। উড়োজাহাজে থাকা সব যাত্রী এবং তাদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা ও প্রার্থনা রইল।

শোক প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়ার মালিক প্রতিষ্ঠান টাটা গ্রুপ। টাটা সন্স ও এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান এন. চন্দ্রশেখরন এক বিবৃতিতে বলেন, গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, আজ এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১ একটি মর্মান্তিক দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। এই হৃদয়বিদারক ঘটনায় ক্ষতিগ্রস্ত সব পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা ও প্রার্থনা রইল। তিনি আরো বলেন, বর্তমানে আমাদের প্রধান অগ্রাধিকার ক্ষতিগ্রস্ত যাত্রী ও তাদের পরিবারের পাশে দাঁড়ানো। এরই মধ্যে একটি জরুরি সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে এবং পরিবারের সদস্যদের তথ্য সরবরাহের জন্য একটি সাপোর্ট টিম গঠন করা হয়েছে।

আরও