সেনাসদরে পাকিস্তানের প্রধানমন্ত্রী, ‘জিরো টলারেন্সের’ ঘোষণা

আফগানিস্তানের সঙ্গে যৌথ সীমান্ত এলাকায় চলমান চরম উত্তেজনার মধ্যেই রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সেনা সদর পরিদর্শন করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সেখানে সামরিক কর্মকর্তারা আফগানিস্তান অভিযান সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। খবর ডন।

বৃহস্পতিবার সীমান্ত এলাকায় আফগান তালেবানের পক্ষ থেকে উস্কানিমূলক হামলার পর পাকিস্তান পাল্টা জবাব হিসেবে ‘গাজাব লিল-হক’ নামে বিশেষ সামরিক অভিযান শুরু করে। মূলত এর পরপরই প্রধানমন্ত্রী সামরিক সদরদপ্তরে এ গুরুত্বপূর্ণ বৈঠকটি করলেন।

এ বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আফগান তালেবান এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)—যাকে পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে ‘ফিতনা আল-খাওয়ারিজ’ হিসেবে অভিহিত করে—তাদের মধ্যকার আঁতাত ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে আফগান তালেবান প্রশাসন এবং ফিতনা আল-খাওয়ারিজের যেকোনো ধরনের তৎপরতা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। যেকোনো আগ্রাসন থেকে নিজেদের রক্ষা করার সক্ষমতা পাকিস্তানের রয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রী ডিফেন্স ফোর্সেস প্রধান জেনারেল আসিম মুনিরের নেতৃত্বে সশস্ত্র বাহিনীর প্রস্তুতির ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেন। সীমান্ত এলাকায় আফগান তালেবানের হামলা প্রতিহত করতে সেনাবাহিনীর পেশাদারত্ব ও জোরালো পাল্টা জবাবের প্রশংসাও করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, মাতৃভূমি রক্ষায় সশস্ত্র বাহিনীর প্রতিটি পদক্ষেপের পেছনে পুরো জাতির অকুণ্ঠ সমর্থন রয়েছে।

আরও