মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা বৃহস্পতিবার বলেছেন, তিনটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা ও মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত সংবাদ সংস্থাগুলোর তত্ত্বাবধানকারী ফেডারেল সংস্থার মধ্যে দীর্ঘস্থায়ী চুক্তি বাতিল করার পদক্ষেপ নেয়া হচ্ছে। শুক্রবার (১৪ মার্চ) এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি।
সাবেক সাংবাদিক, বর্তমানে রাজনীতিবিদ ও ট্রাম্পের একনিষ্ঠ অনুগত ক্যারি লেক এক্স-এ প্রকাশিত এক পোস্টে এএফপি, রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের সঙ্গে চুক্তি বাতিলের পদক্ষেপের ঘোষণা দিয়ে বলেন, আমাদের বাইরের সংবাদ সংস্থাগুলোকে সংবাদ কী তা জানানোর জন্য অর্থ প্রদান করা উচিত না।
গত মাসে ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়াতে বিশেষ উপদেষ্টা হিসেবে যোগদান করেন লেক । সংস্থাটি ভয়েস অব আমেরিকা (ভিওএ), রেডিও ফ্রি ইউরোপ ও রেডিও ফ্রি এশিয়ার মতো বিদেশে সংবাদ প্রতিবেদন ও সেন্সরশিপের বিরুদ্ধে লড়াইয়ে নিবেদিতপ্রাণ কয়েকটি মিডিয়া সংস্থার তত্ত্বাবধান করে।
লেক বলেন, আমি আজ ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার জন্য ব্যয়বহুল এবং অপ্রয়োজনীয় নিউজওয়্যার চুক্তি বাতিলের পদক্ষেপ নিয়েছি। যার মধ্যে অ্যাসোসিয়েটেড প্রেস, রয়টার্স এবং এএফপির সঙ্গে কয়েক মিলিয়ন ডলারের চুক্তিও রয়েছে।
তিনি আরো বলেন, আমাদের নিজেদেরই সংবাদ প্রকাশ করা উচিত। আর যদি তা সম্ভব না হয়, তাহলে আমেরিকান করদাতাদের জানা উচিত- কেন সম্ভব নয়।
ইউএসএজিএম আউটলেটগুলোতে টেক্সট, ছবি ও ভিডিও পরিষেবা প্রদানের জন্য এএফপি’র বেশ কয়েকটি দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে।