নিউ ইয়র্ক টাইমস, প্রকাশক পেঙ্গুইন এবং টাইমসের দুই রিপোর্টারের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা ১৫ বিলিয়ন ডলারের মানহানির মামলা খারিজ করে দিয়েছেন এক ফেডারেল বিচারক। তিনি বলেন, মামলাটি ‘ক্ষোভ ও গালিগালাজে’"পূর্ণ এবং ফেডারেল আদালতের দেওয়ানি কার্যবিধির নিয়ম অনুযায়ী এটি যথাযথ ছিল না। তবে বিচারক ট্রাম্পকে ২৮ দিনের মধ্যে মামলাটি পুনরায় সাজিয়ে দাখিলের অনুমতি দিয়েছেন। খবর রয়টার্স।
ফ্লোরিডার মার্কিন ডিস্ট্রিক্ট আদালতের বিচারক স্টিভেন মেরিডে রায়ে বলেন, মামলার অভিযোগপত্রে মাত্র দুটি মানহানির অভিযোগ থাকলেও পুরো নথি ৮৫ পৃষ্ঠার। ‘কাউন্ট-১’ এসেছে ৮০তম পৃষ্ঠায় এবং ‘কাউন্ট-২’ ৮৩তম পৃষ্ঠায়, যা নিয়ম অনুযায়ী একেবারেই অগ্রহণযোগ্য।
বিচারক রায়ে আরো উল্লেখ করেন, মামলার নথিতে ট্রাম্পকে ঘিরে পুনরাবৃত্তি, অতিরিক্ত প্রশংসা ও অপ্রাসঙ্গিক তথ্য যুক্ত করা হয়েছে। তিনি বলেন, অভিযোগপত্র প্রমাণ সাজানোর বা রাজনৈতিক তর্ক পুনরাবৃত্তি করার জায়গা নয়।
ট্রাম্প গত সপ্তাহে মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, নিউইয়র্ক টাইমস ও পেঙ্গুইন তার বিরুদ্ধে ডেমোক্র্যাটদের মুখপাত্রের মতো কাজ করেছে এবং তার টেলিভিশন শো দ্য অ্যাপ্রেন্টাইস ও বই লাকি লুজার: হাউ ডোনাল্ড ট্রাম্প স্কোয়ান্ডার্ড হিজ ফাদার’স ফরচুন অ্যান্ড ক্রিটেড দ্য ইল্যুশন অব সাকসেস নিয়ে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রকাশ করেছে।
মামলায় দাবি করা হয়, বইটিতে ট্রাম্পের পারিবারিক সম্পদকে ‘কর ফাঁকির ষড়যন্ত্রের ফল’ বলা হয়েছে, যা বাস্তবের সঙ্গে মেলে না। এছাড়া তার ব্যবসা, পড়াশোনা এবং মাফিয়া ও মানি লন্ডারিং তদন্তের খবরকেও তিনি ‘ভিত্তিহীন’ আখ্যা দেন।
অন্যদিকে, নিউইয়র্ক টাইমস এক বিবৃতিতে জানিয়েছে, মামলাটির কোনো আইনি ভিত্তি নেই এবং এটি গণমাধ্যমকে ভয় দেখানোর কৌশল ছাড়া কিছু নয়। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা নিরপেক্ষভাবে সত্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভয়ভীতি কোনোভাবেই সাংবাদিকদের প্রথম সংশোধনী অধিকারকে রুখতে পারবে না।’