ইসরায়েলি বাহিনী ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। গতকাল ভোরে দক্ষিণ লেবাননে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এর পরই ইসরায়েলের ১১টি সামরিক ঘাঁটি ও ব্যারাক লক্ষ্য করে তিন শতাধিক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এরই মধ্যে তেল আবিব বিমান বন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ইসরায়েলজুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা।
ইসরায়েল অবশ্য বলেছে, তারা এ অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ চায় না। তবে গতকালের এ হামলা তারাই আগে শুরু করেছে। এর পেছনে অজুহাত হিসেবে তারা বলছে, হিজবুল্লাহ হামলার প্রস্তুতি নিচ্ছে, এমন তথ্য পেয়ে তারা আগেভাগেই হামলা চালিয়েছে। ফলে প্রশ্ন উঠেছে ইসরায়েল হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ছে? খবর আল জাজিরা।
গতকাল হিজবুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। এর জবাবেই হিজবুল্লাহও দফায় দফায় রকেট ছোড়ে। জানা গেছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে ১১টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ৩২০টির বেশি কাতিউশা রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, তারা অধিকসংখ্যক ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের আক্রমণের প্রথম পর্ব শেষ করেছে। ইসরায়েলের গভীরে সামরিক ঘাঁটিতে এসব ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। পরিকল্পনামাফিক ড্রোনগুলো নির্ধারিত লক্ষ্যে আঘাত হেনেছে বলে জানানো হয়।
রয়টার্স জানায়, ইসরায়েলের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এরপর অনেক বিস্ফোরণের শব্দ শোনা যায়। দক্ষিণ লেবানন থেকে ছুটে আসা রকেট ও ড্রোনগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম গুলি করে ভূপাতিত করে।
এদিকে ইসরায়েলে ৪৮ ঘণ্টার জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্ট বলেন, ‘ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে আসন্ন হুমকি নস্যাৎ করার জন্য আমরা লেবাননে সুনির্দিষ্ট হামলা চালিয়েছি। আমরা বৈরুতের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমাদের নাগরিকদের রক্ষা করার জন্য সব উপায় ব্যবহার করতে বদ্ধপরিকর।’
পৃথক এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন ইয়োভ গ্যালেন্ট। বিবৃতিতে আরো বলা হয়েছে, দুই নেতা আঞ্চলিক উত্তেজনা এড়ানোর গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, যে পরিস্থিতি উদ্ভব হবে ইসরায়েল তাতে প্রতিক্রিয়া জানাবে, কিন্তু পুরো মাত্রার যুদ্ধে জড়াতে চায় না। ইয়োভ গ্যালান্ট বলেছেন, নিজেকে রক্ষা করতে যা করা দরকার ইসরায়েল তা-ই করবে।
হিজবুল্লাহ বলেছে, তারা জুলাইয়ের শেষের দিকে কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যার প্রতিক্রিয়া হিসেবে এ হামলা চালিয়েছে। জুলাইয়ে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির এক ফুটবল মাঠে ক্ষেপণাস্ত্রের আঘাতে ১২ শিশু-কিশোর নিহত হয়। এর প্রতিক্রিয়ায় বৈরুতে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার ফুয়াদকে হত্যা করে ইসরায়েল। এর পর থেকেই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরো বড় আকার ধারণ করবে বলে ধারণা করা হচ্ছিল।