কারাদণ্ডের ঝুঁকি এড়াতে এপস্টেইন-কাণ্ডে সাক্ষ্য দিতে রাজি ক্লিনটন দম্পতি

শুরুতে ক্লিনটন দম্পতি এই তদন্তকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছিলেন।

রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউস অব রিপ্রেজেন্টেটিভসে তাদের বিরুদ্ধে ‘কংগ্রেস অবমাননা’র অভিযোগ আনার ঠিক আগমুহূর্তে এই ঘোষণা এলো। যদি এই প্রস্তাব পাস হতো, তবে ক্লিনটন দম্পতির বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা ও কারাদণ্ডের সম্ভাবনা তৈরি হতো।

কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে মার্কিন কংগ্রেসের তদন্ত কমিটির সামনে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। সোমবার ক্লিনটন দম্পতির পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। খবর রয়টার্স।

রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউস অব রিপ্রেজেন্টেটিভসে তাদের বিরুদ্ধে ‘কংগ্রেস অবমাননা’র অভিযোগ আনার ঠিক আগমুহূর্তে এই ঘোষণা এলো। যদি এই প্রস্তাব পাস হতো, তবে ক্লিনটন দম্পতির বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা ও কারাদণ্ডের সম্ভাবনা তৈরি হতো।

জেফরি এপস্টেইনের সঙ্গে বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদের সম্পর্ক নিয়ে কয়েক মিলিয়ন গোপন নথি সম্প্রতি মার্কিন বিচার বিভাগ প্রকাশ করেছে। এরপর থেকেই ক্লিনটন দম্পতিকে এই তদন্তের আওতায় আনা হয়। হাউসের ওভারসাইট কমিটি গত সপ্তাহেই সুপারিশ করেছিল যে, ক্লিনটন দম্পতি সরাসরি সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানানোয় তাদের অবমাননার দায়ে অভিযুক্ত করা হোক।

শুরুতে ক্লিনটন দম্পতি এই তদন্তকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছিলেন। তাদের আইনজীবী দল যুক্তি দিয়েছিল যে, এটি ২০২৬-এর প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সুরক্ষা দেয়ার একটি অপকৌশল মাত্র। তবে ক্লিনটনদের ডেপুটি চিফ অব স্টাফ অ্যাঞ্জেল ইউরেনা সামাজিক মাধ্যমে জানান, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সেখানে উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, ২০০০-এর দশকের শুরুতে বিল ক্লিনটন বেশ কয়েকবার এপস্টেইনের ব্যক্তিগত বিমানে যাতায়াত করেছিলেন। যদিও ক্লিনটন বারবারই দাবি করেছেন যে, তিনি এপস্টেইনের কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে জানতেন না এবং এই সম্পর্কের জন্য তিনি অনুতপ্ত।

হাউস স্পিকার মাইক জনসন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘এটি একটি ইতিবাচক অগ্রগতি। আমরা আশা করি সবাই আইন মেনে চলবেন।‘ তবে ওভারসাইট কমিটির চেয়ারম্যান জেমস কোমার জানিয়েছেন, ক্লিনটন দম্পতি সাক্ষ্য দেয়ার কথা বললেও এখনো কোনো সুনির্দিষ্ট তারিখ দেননি। তারিখ চূড়ান্ত না হওয়া পর্যন্ত পরবর্তী পদক্ষেপের বিষয়ে তিনি কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করবেন।

আরও