ফ্রান্সের একটি চিড়িয়াখানায় নয়টি নেকড়ে খাঁচা থেকে বেরিয়ে যাওয়ায় ৪টিকে গুলি করে হত্যা করা হয়েছে। চিড়িয়াখানার কর্মকর্তা ফ্যাবিয়েন শলেট এ তথ্য নিশ্চিত করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে। খবরে বলা হয়, ফ্রান্সের দক্ষিণাঞ্চলের মন্ট্রেডন-লাবেসোনির ট্রয়েস ভ্যালিস চিড়িয়াখানা এ ঘটনা ঘটে। একটি নিরাপত্তা হ্যাচ নষ্ট করে দেয়াল বেয়ে উঠে বের হয়ে যায় নয়টি নেকড়ে। তাদের মধ্যে ৪টিকে বিপদজনক আচরণের জন্য গুলি করে মেরে ফেলা হয়। ৫টিকে চেতনানাশক দিয়ে আবার খাঁচায় ঢোকানো হয়।
চিড়িয়াখানার প্রধান সভের ফেরারা জানান, ঘটনার সময় চিড়িয়াখানায় খুব বেশি পর্যটকের আনাগোনা ছিল না। ফলে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে, আতঙ্ক দেখা দেওয়ায় তাৎক্ষণিকভাবে চিড়িয়াখানাটি বন্ধ করে দেয়া হয়।
ফ্যাবিয়েন শলেট বলেন, নেকড়েগুলো চিড়িয়াখানার বাইরে না গেলেও নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে চারটিকে হত্যার সিদ্ধান্ত নেয়া হয়।
৬০ হেক্টরেরও বেশি জায়গাজুড়ে বিস্তৃত চিড়িয়াখানায় সিংহ, বানরসহ ৬০০টিরও বেশি প্রাণী রয়েছে।