পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলে মাছ ধরতে গিয়ে হাঙরের হামলায় ৩৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। চলতি বছরে দেশটিতে এটি হাঙরের হামলায় চতুর্থ মৃত্যুর ঘটনা। খবর আলজাজিরা।
পুলিশ জানিয়েছে, পশ্চিম অস্ট্রেলিয়ার অ্যালবানি শহরের কাছে মাইকেলমাস দ্বীপের দক্ষিণ উপকূলে পরিবারের সদস্যদের সঙ্গে বর্শা দিয়ে মাছ শিকার করছিলেন ওই ব্যক্তি। এ সময় একটি হাঙর তাকে আক্রমণ করে।
হামলার পর দ্রুত চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে চিকিৎসা দিলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলের কাছে প্রায় সাড়ে ৪ মিটার লম্বা অজ্ঞাত প্রজাতির একটি হাঙর দেখা গেছে। পর্যটকদের কম যাতায়াত থাকা এ এলাকায় বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পশ্চিম অস্ট্রেলিয়ার প্রাথমিক শিল্প ও আঞ্চলিক উন্নয়ন বিভাগ।
গত মাসে পার্থের কাছে রটনেস্ট দ্বীপে এক ব্যক্তি এবং কুইন্সল্যান্ড উপকূলে আরেক ব্যক্তি হাঙরের হামলায় নিহত হন। এছাড়া চলতি বছরের জানুয়ারিতেও সিডনি হারবারে ১২ বছর বয়সী এক শিশু একই ধরনের হামলায় প্রাণ হারায়।