নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি। এর মধ্যেই সর্বশেষ জরিপে দেখা গেছে, সমাজতান্ত্রিক প্রার্থী জোহরান মামদানি এবং স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমোর মধ্যে ভোটের ব্যবধান দ্রুত কমে আসছে। শনিবার প্রকাশিত অ্যাটলাসইন্টেল-এর জরিপ অনুযায়ী, মামদানির লিড এখন কমে দাঁড়িয়েছে মাত্র ৬ দশমিক ৬ পয়েন্টে—যা গত জুলাইয়ের পর থেকে সবচেয়ে কম। খবর নিউ ইয়র্ক পোস্ট।
শনিবার প্রকাশিত সর্বশেষ অ্যাটলাসইন্টেল জরিপ অনুযায়ী, ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি ৪০ দশমিক ৬ শতাংশ ভোট নিয়ে এখনো এগিয়ে আছেন। অন্যদিকে, নিবন্ধিত ডেমোক্র্যাট হলেও স্বতন্ত্রভাবে নির্বাচন করা সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো ৩৪ শতাংশ ভোট নিয়ে ব্যবধান কমিয়ে এনেছেন।
জরিপে রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া ২৪ দশমিক ১ শতাংশ ভোট পেয়েছেন। জুলাই মাসের হ্যারিসএক্স জরিপের (২২ শতাংশ) পর এটিই তার সর্বোচ্চ স্কোর।
জরিপের ফলাফল প্রকাশের পর অ্যান্ড্রু কুওমো জানান, তার প্রচারণার গতি তীব্র হচ্ছে। ব্রুকলিনের ক্যাম্পেইন স্টপে সাংবাদিকদের তিনি বলেন, ব্যবধান দ্রুত কমছে—ব্রঙ্কস থেকে স্টেটন আইল্যান্ড পর্যন্ত আমরা তা টের পাচ্ছি। এই নির্বাচনে ছয় পয়েন্ট কোনো ব্যবধানই না।
কুওমোর দাবি, নিউ ইয়র্কবাসী মামদানির অবাস্তব প্রতিশ্রুতিগুলো সম্পর্কে সচেতন হচ্ছে। মামদানি বিনামূল্যে বাস পরিষেবা এবং নগর-পরিচালিত মুদি দোকানের মতো যে সমস্ত প্রতিশ্রুতি দিচ্ছেন, মেয়র নির্বাচিত হলেও তিনি তা পূরণ করতে পারবেন না।
কুওমো বলেন, প্রাইমারির সময় জোহরান তার টিকটক প্রচারণা, হাসি এবং 'ভাড়া বন্ধ', 'বাস ফ্রি', 'খাবার ফ্রি' স্লোগান দিয়ে পার পেয়ে গিয়েছিলেন। কিন্তু এরপর মানুষ জানতে পেরেছে, তিনি আসলে কীসের পক্ষে। কোনো ফ্রি খাবার বা ফ্রি বাস নেই। তিনি করপোরেট ট্যাক্স বাড়িয়ে সেই অর্থ নিউ ইয়র্ক সিটিকে দিতে পারবেন না।
ব্রাজিলভিত্তিক অ্যাটলাসইন্টেল-এর সিইও আন্দ্রে রোমান জানান, কুওমোর অতীত বিতর্কিত। অন্যদিকে, মামদানির বামপন্থী নীতি এবং তার ইসরায়েল-বিরোধী ও পুলিশ-বিরোধী মনোভাব বহু ভোটারের ওপর প্রভাব ফেলবে। রোমানের মতে, এই নির্বাচনে কুওমোর জেতার সম্ভাবনা নির্ভর করছে 'মামদানি-বিরোধী ভোট' একত্রিত করতে পারার ওপর।
অ্যাটলাস জরিপে ব্যবধান কমলেও অন্যান্য সাম্প্রতিক জরিপে মামদানি এখনো স্বস্তিদায়ক ব্যবধানেই এগিয়ে আছেন।
- ফক্স নিউজ (বৃহস্পতিবার): মামদানি ৪৭%, কুওমো ৩১%, স্লিওয়া ১৫%।
- এমারসন কলেজ (বৃহস্পতিবার): মামদানি ৫০%, কুওমো ২৫%, স্লিওয়া ২১%।
- রিয়েল ক্লিয়ার পলিটিক্স গড়: মামদানি ৪৫%, কুওমো ৩১%, স্লিওয়া ১৭%।
অন্যদিকে, সিটি বোর্ড অব ইলেকশনসের তথ্য অনুযায়ী, প্রায় ৫ লাখ ভোটার এরইমধ্যে প্রাথমিক ভোট দিয়ে দিয়েছেন, যা ২০২১ সালের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
মামদানি অবশ্য এই জরিপ নিয়ে চিন্তিত নন। রেভারেন্ড আল শার্পটনের ন্যাশনাল অ্যাকশন নেটওয়ার্ক-এ এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেন, আমি মোটেও চিন্তিত নই। আমি আত্মবিশ্বাসী। তবে সেই আত্মবিশ্বাসকে কখনই আত্মতুষ্টিতে পরিণত হতে দিই না।