নোবেল ফাউন্ডেশন তাদের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে নোবেল পুরস্কারের মর্যাদা এবং এর পরিচালনা ব্যবস্থা সুরক্ষার বিষয়ে দৃঢ় অবস্থানের কথা নিশ্চিত করেছে। ফাউন্ডেশন বলেছে, আলফ্রেড নোবেলের উইল এবং সেখানে উল্লেখিত সব শর্তাবলী সঠিকভাবে পালনে প্রতিশ্রুতিবদ্ধ।
আজ রোববার নোবেল ফাউন্ডেশন তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, তাদের প্রতিষ্ঠার অন্যতম প্রধান লক্ষ্য হলো নোবেল পুরস্কারের মর্যাদা অক্ষুণ্ণ রাখা এবং এর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা। সংস্থাটি আলফ্রেড নোবেলের রেখে যাওয়া ইচ্ছাপত্র ও তার নির্ধারিত বিধান কঠোরভাবে মেনে চলে।
ফাউন্ডেশন উল্লেখ করেছে, আলফ্রেড নোবেল তার ইচ্ছাপত্রে পরিষ্কারভাবে লিখে গেছেন, নোবেল পুরস্কার শুধু তাদেরই দেয়া হবে, যারা মানবজাতির জন্য সবচেয়ে বেশি কল্যাণ সাধন করেছেন। প্রতিটি নির্দিষ্ট বিভাগে কার পুরস্কার দেয়ার অধিকার রয়েছে সে বিষয়েও উইলে স্পষ্ট নির্দেশনা দেয়া আছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, এ কাঠামোর বাইরে গিয়ে কাউকে পুরস্কার হস্তান্তর করা বা অন্যভাবে ভাগ করে দেয়া সম্ভব নয়। এমনকি প্রতীকী অর্থেও নোবেল পুরস্কার অন্য কাউকে দেয়া বা পুনর্বণ্টনের সুযোগ নেই।
নোবেল ফাউন্ডেশন জোর দিয়ে জানিয়েছে, এ নীতি বজায় রাখা শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং নোবেল পুরস্কারের বিশ্বাসযোগ্যতা, নিরপেক্ষতা ও ঐতিহাসিক মর্যাদা রক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ফাউন্ডেশন তাদের প্রশাসনিক কাঠামোর মাধ্যমে এ নিয়মগুলো কঠোরভাবে নিশ্চিত করে থাকে।