ইন্দোনেশিয়ায় বিক্ষোভকারীদের লাগানো আগুনে একটি আঞ্চলিক পার্লামেন্ট ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। শনিবার এ তথ্য জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। খবর রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের রাজধানী মাকাসারে এ অগ্নিকাণ্ড ঘটে। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা তাদের বিবৃতিতে মৃত্যুর কারণ উল্লেখ করেনি। তবে জাতীয় বার্তা সংস্থা আন্তারা জানিয়েছে, নিহতরা সম্ভবত দগ্ধ হয়ে ভবনের ভেতরে আটকা পড়েছিলেন। সংস্থার পক্ষ থেকে আরো জানানো হয়, আহতদের মধ্যে দুজন ভবন থেকে লাফ দেয়ায় গুরুতর আহত হয়েছেন।
বিক্ষোভের সূত্রপাত হয় এ সপ্তাহে রাজধানী জাকার্তায়।
আইনপ্রণেতাদের বেতন-ভাতা কমানো, শ্রমের মজুরি বাড়ানো, কর কমানো ও দুর্নীতিবিরোধী ব্যবস্থার প্রতিবাদে এ আন্দোলন শুরু হয়। তবে পুলিশের একটি সাঁজোয়া গাড়ির চাপায় রাইড-হেইলিং মোটরবাইক চালক নিহত হওয়ার পর শুক্রবার আন্দোলন সহিংস রূপ নেয়।
স্থানীয় গণমাধ্যম জানায়, শুক্রবার জাকার্তায় বিচ্ছিন্নভাবে লুটপাট ও পরিবহন অবকাঠামোর ক্ষতি হয়েছে। বান্দুং ও জাকার্তার মতো প্রধান শহরেও বিক্ষোভ হয়েছে। শনিবারও পরিস্থিতি উত্তপ্ত ছিল।
এই পরিস্থিতিকে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সরকারের জন্য সবচেয়ে বড় রাজনৈতিক পরীক্ষা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।