ইরানের সঙ্গে চলমান যুদ্ধে টান পড়া গোলাবারুদের মজুত পুনর্গঠন করতে দেশীয় প্রতিরক্ষা কোম্পানিগুলোকে অস্ত্র উৎপাদন দ্রুত বাড়ানোর তাগিদ দিয়েছে পেন্টাগন। বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ও অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামের উৎপাদন বাড়াতে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে। খবর এপি।
পেন্টাগনের মুখপাত্র শন পারনেল গতকাল এক বিবৃতিতে বলেন, যুদ্ধক্ষেত্রে নিয়োজিত মার্কিন সেনাদের প্রয়োজনীয় অস্ত্র দ্রুততম সময়ে সরবরাহ নিশ্চিত করতে গোলাবারুদের সংগ্রহ বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।
মার্কিন প্রতিরক্ষা বিভাগের উপমন্ত্রী স্টিভ ফেইনবার্গ গত বুধবার অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠানো এক স্মারকে ২১ দিনের মধ্যে উৎপাদন ও সরবরাহ বাড়ানোর পরিকল্পনা জমা দিতে বলেছেন।
উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়ে তিনি বলেন, বছরের পর বছর ধরে চলা উন্নয়ন প্রক্রিয়া গ্রহণযোগ্য নয়।
ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্রের উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার মজুদ আরো কমে গেছে বলে জানিয়েছে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস)। সংস্থাটির বিশ্লেষণ অনুযায়ী, প্যাট্রিয়ট ও থাড ক্ষেপণাস্ত্রের মজুদে টান পড়ায় যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের মিত্রদের বিমান প্রতিরক্ষা আরো ঝুঁকিতে পড়তে পারে।
যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ছিল প্রায় ২ হাজার ৩৩০টি। এপ্রিলের যুদ্ধবিরতির সময় তা কমে দাঁড়ায় ১ হাজার ৩০টিতে। সাম্প্রতিক সংঘাতের পর মজুদ আরো কমে ৭৫৯-৮২৭টির মধ্যে রয়েছে বলে সিএসআইএসের হিসাব থেকে জানা গেছে।
থাড ইন্টারসেপ্টরের মজুদও কমেছে। যুদ্ধের আগে ৪৫২টি ইন্টারসেপ্টর থাকলেও এপ্রিলের যুদ্ধবিরতির শুরুতে তা ২৩২-২৬২টির মধ্যে নেমে আসে। পরে কিছু অস্ত্র পুনরায় মজুদ করা হলেও বর্তমানে সংখ্যা ২৩৪-২৭৮টির মধ্যে রয়েছে।
তবে অস্ত্রের ঘাটতির খবর নিয়ে আপত্তি জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে তিনি যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণ অস্ত্র রয়েছে বলে দাবি করেন।
পেন্টাগন জানিয়েছে, অস্ত্র উৎপাদন বাড়ানোর পরিকল্পনাটি ২০২৮ অর্থবছরের বাজেট প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হবে। তবে প্রতিরক্ষা ব্যয় নিয়ে কংগ্রেসে বর্তমানে অচলাবস্থা রয়েছে। ট্রাম্প প্রশাসন আগামী বছর পেন্টাগনের বাজেট প্রায় ৯০০ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার করার প্রস্তাব দিয়েছে।