রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দুই ঘণ্টারও বেশি সময়ের ফোনালাপের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধবিরতির উদ্দেশ্যে তাৎক্ষণিকভাবে আলোচনা শুরু করবে। খবর এপি।
চতুর্থ বছরে পা রাখা এই যুদ্ধ প্রসঙ্গে পুতিন জানান, একটি সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে ইউক্রেনের সঙ্গে একটি স্মারক চুক্তির খসড়া তৈরির প্রস্তাবে রাশিয়া প্রস্তুত রয়েছে। আলোচনার বিষয়ে ট্রাম্পের আগ্রহ এবং সমর্থনের জন্য তিনি ধন্যবাদও জানান।
পুতিন বলেন, ‘আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সম্মত হয়েছি যে রাশিয়া একটি শান্তিচুক্তির কাঠামো প্রস্তাব করবে, যাতে শান্তির সময়সীমা ও মৌলিক নীতিগুলো অন্তর্ভুক্ত থাকবে।‘
তবে রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, এই আলোচনায় কোনো নির্ধারিত সময়সীমা নেই এবং সবকিছু নির্ভর করছে বিস্তারিত আলোচনার ওপর।
ট্রাম্প সামাজিক মাধ্যমে বলেন, পোপের প্রতিনিধিত্বে ভ্যাটিকান আলোচনার আয়োজন করতে আগ্রহী। তিনি একে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তার দেশ আলোচনায় বসতে প্রস্তুত এবং তুরস্ক, সুইজারল্যান্ড বা ভ্যাটিকানকে ভেন্যু হিসেবে গ্রহণযোগ্য বলে মনে করে।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, ইউরোপীয় নেতারা ভ্যাটিকানে শান্তি আলোচনা আয়োজনে পোপের আগ্রহকে ইতিবাচকভাবে দেখছেন। ফ্রান্স, জার্মানি ও ইউরোপের অন্য নেতারাও এ বিষয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন।
এদিকে, ইউক্রেন বলেছে, আলোচনায় রাশিয়ার আন্তরিকতা ছাড়া বাস্তব সমাধান সম্ভব নয়। শুক্রবার ইস্তানবুলে রাশিয়া-ইউক্রেনের সরাসরি সংক্ষিপ্ত আলোচনায় ১,০০০ যুদ্ধবন্দী বিনিময়ের বিষয়ে সম্মতি হয়।
তবে রাশিয়ার দাবি অনুযায়ী, ইউক্রেনের সেনা প্রত্যাহার চূড়ান্ত চুক্তির পথে বড় বাধা। কারণ সেনা প্রত্যাহারকে কিয়েভ একেবারেই অগ্রহণযোগ্য বলে বাতিল করে দিয়েছে।