যুক্তরাষ্ট্রে
বর্ণবাদের শিকার হয়ে নিহত জর্জ ফ্লয়েডের হত্যার ঘটনায় আরো এক পুলিশ কর্মকর্তার সাজা
ঘোষণা করেছেন দেশটির আদালত। বিবিসির খবরে বলা হয়েছে, ওই ঘটনার সময় উপস্থিত
থাকা পুলিশ কর্মকর্তা আলেকজান্ডার কুয়েংকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
আদালত রায়ে
বলেছেন,
জর্জ ফ্লয়েডের মৃত্যুতে ডেরেক শৌভিনের তুলনায় তার দায় কম
ছিল। তবে ওই হত্যাকাণ্ডে তিনিও সামিল ছিলেন। তিনিও ফ্লয়েডের পিঠে হাঁটু গেড়ে
বসেছিলেন।
রায় ঘোষণার
সময় কারাগার থেকে অনলাইনে যুক্ত করা হয় আলেকজান্ডার কুয়েংকে। এসময় আদালত তাকে
আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন, তবে তিনি তা
প্রত্যাখ্যান করেন। এর আগে ফ্লয়েডের নাগরিক অধিকার খর্ব করার অপরাধে সাজা দেয়া হয়
তাকে। তখনও আপিলের সুযোগ প্রত্যাখ্যান করেন তিনি।
প্রসঙ্গত, জাল নোট ব্যবহারের অভিযোগে ২০২০ সালের মে মাসে ফ্লয়েডকে আটক
করে পুলিশ। আটকের পর তার ঘাড় হাঁটু দিয়ে সড়কে চেপে ধরেন ডেরেক শৌভিন। এ সময় ফ্লয়েড
বলতে থাকেন, দয়া করুন, আমি নিশ্বাস নিতে পারছি না। আমাকে মারবেন না। ঘটনার একটি
ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্রে পুলিশি নির্মমতা ও
বর্ণবাদের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু হয়। একপর্যায়ে আন্দোলন ছড়িয়ে পড়ে বিশ্বের
অন্যান্য এলাকায়ও। পরে গত বছরের জুনে ফ্লয়েডের মৃত্যুর জন্য প্রধানতম দায়ী ডেরেক
শৌভিনকে সাড়ে ২২ বছরের কারাদণ্ড দেন আদালত।