মালয়েশিয়ার মাল্টিপল এন্ট্রি ভিসা পাবেন কেবল ৩১ দেশের নাগরিকরা

মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) ব্যবস্থায় নতুন বিধিনিষেধ আরোপ করেছে মালয়েশিয়া। আগে সব দেশের যোগ্য নাগরিক এ ভিসার জন্য আবেদন করতে পারলেও এখন এ সুবিধা সীমিত করা হয়েছে ৩১টি দেশের নাগরিকের মধ্যে। গত ১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মাল্টিপল এন্ট্রি ভিসা এখন আর সব দেশের নাগরিকের জন্য উন্মুক্ত থাকবে না। কেবল ৩১টি যোগ্য দেশের নাগরিক নির্দিষ্ট চারটি উদ্দেশ্যে এ ভিসার জন্য আবেদন করতে পারবেন।

নতুন নিয়ম অনুযায়ী, মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়া যাবে ফ্লাই অ্যান্ড ক্রুজ, ব্যবসায়িক কার্যক্রম, চিকিৎসা এবং ওয়েডিং ট্যুরিজমের জন্য। অর্থাৎ সাধারণ পর্যটন বা অবকাশযাপন এখন আর এমইভি পাওয়ার যোগ্য উদ্দেশ্যের মধ্যে নেই।

এর আগে মালয়েশিয়ার ই-ভিসা ব্যবস্থায় যোগ্য বিদেশি নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসার সুযোগ অনেক বিস্তৃত ছিল। নতুন সিদ্ধান্তের ফলে এখন জাতীয়তা এবং ভ্রমণের উদ্দেশ্য—দুই ক্ষেত্রেই যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।

তবে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের প্রকাশিত বিজ্ঞপ্তিতে যোগ্য ৩১টি দেশের পূর্ণ তালিকা উল্লেখ করা হয়নি।

আরও