মুখোমুখি আলোচনা চলছে, কালও চালিয়ে যাওয়ার চেষ্টা পাকিস্তানের

২৭ আপডেট
  • ১২ এপ্রিল, ২০২৬

    মুখোমুখি আলোচনা চলছে, কালও চালিয়ে যাওয়ার চেষ্টা পাকিস্তানের

    ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে সরাসরি আলোচনার প্রথম ধাপ গভীর রাতেও চলছে। মধ্যস্থতকারী পাকিস্তানের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে আল–জাজিরা এ কথা জানিয়েছে। সূত্র জানায়, প্রথম দফার আলোচনা এ পর্যায়ে দুই প্রতিনিধি দল লিখিত বার্তা বিনিময় করেছে।

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা আগামীকাল রোববারও চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান।

    একটি সূত্রের বরাত দিয়ে আল–জাজিরা বলছে, পাকিস্তানের পক্ষ থেকে একটি প্রচেষ্টা চলছে যাতে, এই আলোচনা আরো এক দিন চালিয়ে যায় দুই পক্ষ। এতে এমন কিছু বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে যা দুই পক্ষকে চুক্তির দিকে নিয়ে যেতে পারে। প্রথম দফার আলোচনায় দুই পক্ষ সেই পর্যায়ে পৌঁছেনি।

  • ১১ এপ্রিল, ২০২৬

    ইরানের প্রতিনিধি দল দেশের স্বার্থ রক্ষা করছেন: পেজেশকিয়ান

    পাকিস্তানে চলমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নেয়া ইরানি প্রতিনিধিদলের প্রতি সমর্থন জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের পোস্টে তিনি লিখেন, ইরানি আলোচকরা ‘সাহসিকতার সঙ্গে’ দেশের স্বার্থ রক্ষায় আলোচনা চালিয়ে যাচ্ছেন।

    পোস্টে পেজেশকিয়ান আরো লিখেছেন, যে কোনো পরিস্থিতিতেই জনগণের সেবায় আমাদের কাজ থেমে থাকবে না। আলোচনার ফল যাই হোক না কেন, সরকার জনগণের পাশে থাকবে।

    সূত্র: আল জাজিরা

  • ১১ এপ্রিল, ২০২৬

    ইরানে হামলার জন্য বহুবার চাপ দিয়েছিলেন নেতানিয়াহু, রাজি হন শুধু ট্রাম্প: জন কেরি

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে ইরানে সামরিক হামলার জন্য বারবার চাপ দিয়েছিলেন বলে জানিয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

    এক সাক্ষাৎকারে কেরি জানান, তিনি নিজে একাধিক বৈঠকে অংশ নিয়েছেন যেখানে নেতানিয়াহু সরাসরি যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার আহ্বান জানিয়েছেন। তার ভাষায়, ‘তিনি চেয়েছিলেন আমরা হামলা চালাই।’

    কেরির দাবি অনুযায়ী, নেতানিয়াহু এ প্রস্তাব সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জো বাইডেন ও জর্জ ডব্লিউ বুশের কাছেও উপস্থাপন করেছিলেন। তবে তারা সবাই এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

    কেরি বলেন, ‘একমাত্র প্রেসিডেন্ট যিনি নেতানিয়াহুর সম্মত হয়েছেন, তিনি হলেন ডোনাল্ড ট্রাম্প।’

    জন কেরি আরো জানান, নেতানিয়াহু একটি বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেছিলেন। যেখানে বলা হয়েছিল এ হামলার মাধ্যমে ইরানের নেতৃত্বকে সরিয়ে দেয়া, শাসন পরিবর্তন ঘটানো ও সামরিক সক্ষমতা ধ্বংস করা সম্ভব হতে পারে।

  • ১১ এপ্রিল, ২০২৬

    যুক্তরাষ্ট্র-ইরানের ঐতিহাসিক সরাসরি যুদ্ধবিরতি আলোচনা

    পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের সরাসরি যুদ্ধবিরতি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ইসলামাবাদের সেরেনা হোটেলে এ আলোচনা চলছে। এ বৈঠককে ১৯৭৯ সালের পর দুই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে বিবেচনা করছেন বিশেষজ্ঞরা।

    কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা বলছে, পাকিস্তান, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা একই কক্ষে বসে আলোচনা করছেন। পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমেও সরাসরি আলোচনার কথা বলা হয়েছে। এর আগে দুই পক্ষ পৃথকভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন। ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ আর যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

    ইসলামাবাদ থেকে আল জাজিরার সাংবাদিক ওসামা বিন জাভেদ জানিয়েছেন, আলোচনায় একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু উঠে এসেছে, যার মধ্যে দীর্ঘদিনের বিতর্কিত বিষয়গুলোও ছিল। তবে লেবানন পরিস্থিতি নিয়ে কিছু অগ্রগতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কিছু সূত্রের দাবি, ইসরায়েলের সামরিক অভিযান এখন দক্ষিণ লেবাননে সীমিত থাকতে পারে এবং বৈরুত এলাকায় আর হামলা না-ও হতে পারে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোন ঘোষণা আসেনি।

    ইরানি সূত্রের বরাতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্রে জব্দ থাকা ইরানি সম্পদ অবমুক্ত করার বিষয়ে কিছু অগ্রগতি হয়েছে। তবে সংশ্লিষ্টরা সতর্ক করে বলছেন, তথ্যগুলো এখনো প্রাথমিক, আনুষ্ঠানিকভাবে যাচাই করা হয়নি। সবকিছুই বন্ধ দরজার আড়ালে হচ্ছে এবং ধাপে ধাপে তথ্য বাইরে আসছে।

  • ১১ এপ্রিল, ২০২৬

    হরমুজ প্রণালি পার হয়েছে তেলবাহী চীনা সুপারট্যাঙ্কার

    হরমুজ প্রণালি পার হয়েছে দুইটি চীনা সুপারট্যাঙ্কার। শিপিং ও ডাটা সরবরাহকারী সংস্থা এলএসইজি–এর তথ্য অনুযায়ী, জাহাজ দুটি হলো কসপার্ল লেক ও হে রং হাই। দুটিই খুব বড় আকারের অপরিশোধিত তেলবাহী জাহাজ (ভিএলসিসি)।

    জাহাজ দুটি চীনের বৃহৎ রাষ্ট্রীয় তেল পরিশোধন সংস্থা সিনোপেক-এর ট্রেডিং ইউনিট ইউনিপেক দ্বারা চার্টার করা ছিল।

    রিপোর্ট অনুযায়ী, জাহাজ দুটি ‘হরমুজ প্যাসেজ ট্রায়াল অ্যাঙ্কোরেজ’ নামের একটি রুট ব্যবহার করে ইরানের লারাক দ্বীপ এড়িয়ে চলাচল করে।

  • ১১ এপ্রিল, ২০২৬

    যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী ‘পরিষ্কার’ করছে: ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র এখন হরমুজ প্রণালি ‘পরিষ্কার করার’ প্রক্রিয়া শুরু করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি দাবি করেন, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে।

    তার ভাষায়, বর্তমানে ইরানের একমাত্র হুমকি সমুদ্রে থাকা মাইন বা মাইন-সংক্রান্ত দুর্ঘটনার ঝুঁকি।

    পোস্টে ট্রাম্প লিখেন, যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশকে সহায়তার জন্য হরমুজ প্রণালি নিরাপদ করার কাজ করছে, যার মধ্যে রয়েছে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স ও জার্মানি। এসব দেশ নিজেরা এ কাজ করার ‘সাহস বা ইচ্ছা দেখাচ্ছে না’, তাই যুক্তরাষ্ট্রই উদ্যোগ নিচ্ছে।

  • ১১ এপ্রিল, ২০২৬

    ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু

    ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।

    তবে আলোচনাটি সরাসরি নাকি মধ্যস্থতাকারীদের মাধ্যমে হচ্ছে এ বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

    বিশ্লেষকদের মতে, যদি আলোচনাটি সরাসরি হয় তাহলে এটি ১৯৭৯ সালে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের মুখোমুখি কূটনৈতিক বৈঠক হিসেবে বিবেচিত হবে।

    সূত্র: সিএনএন

  • ১১ এপ্রিল, ২০২৬

    ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার বিষয়ে এখন পর্যন্ত যা জানা গেল

    ইসলামাবাদে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের আলোচনার আগে বিভিন্ন পক্ষের কূটনৈতিক তৎপরতা ও অবস্থান স্পষ্ট হতে শুরু করেছে। চলমান পরিস্থিতি সম্পর্কে সাম্প্রতিক ঘটনাবলির একটি সারসংক্ষেপ নিচে তুলে ধরা হলো—

    • যুদ্ধবিরতি ও উত্তেজনা প্রশমনের লক্ষ্যে আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছেছেন ইরান ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দল; মার্কিন প্রতিনিধি দলের প্রতিনিধিত্ব করছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আর ইরানের পক্ষে রয়েছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
    • আলোচনার আগে দুই দেশের প্রতিনিধিরা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহরাজ শরিফের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন।
    • পাকিস্তান প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, ইসলামাবাদ দুই পক্ষের মধ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মধ্যস্থতা অব্যাহত রাখতে আগ্রহী।
    • ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্টের মতে,আলোচনার ফলাফল মূলত যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের ওপর নির্ভর করছে। তিনি বলেন, ‘ইসরায়েল ফার্স্ট’ নয় বরং ‘আমেরিকা ফার্স্ট’ নীতির ওপর গুরুত্ব দিলে একটি সমঝোতা সম্ভব।
    • ইসরায়েল জানিয়েছে আগামী সপ্তাহে ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য বৈঠকে তারা হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবে না।

    সূত্র: আল জাজিরা

  • ১১ এপ্রিল, ২০২৬

    বিশ্বের সবচেয়ে বড় খালি ট্যাংকার যুক্তরাষ্ট্রের পথে: ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিপুল সংখ্যক ‘সম্পূর্ণ খালি’ জ্বালানী তেলবাহী ট্যাংকার বর্তমানে যুক্তরাষ্ট্রের দিকে অগ্রসর হচ্ছে, যেগুলো দেশটির তেল ও গ্যাস লোড করবে।

    নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প লিখেন, বিশ্বের বৃহত্তম কিছু জাহাজসহ বিশাল সংখ্যক সম্পূর্ণ খালি তেলের ট্যাংকার এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের দিকে আসছে। তারা এখান থেকে বিশ্বের সেরা ও ‘সুইটেস্ট’ (লঘু ও নিম্ন সালফারযুক্ত) তেল ও গ্যাস সংগ্রহ করবে।

    যুক্তরাষ্ট্রের জ্বালানি সক্ষমতা এখন অনন্য উচ্চতায় দাবি করে ট্রাম্প লিখেছেন, পরবর্তী শীর্ষ দুটি তেল উৎপাদনকারী দেশের সম্মিলিত মজুতের চেয়েও আমাদের তেলের পরিমাণ বেশি এবং গুণগত মানও অনেক উন্নত। আমরা আপনাদের অপেক্ষায় আছি। এখানে লোডিং হবে দ্রুততম সময়ে!

  • ১১ এপ্রিল, ২০২৬

    পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে ‘রেডলাইন’ উপস্থাপন করল ইরান

    ইরান তাদের ‘রেডলাইন’ বা শর্তগুলো পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে তুলে ধরেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

    শনিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ এবং ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করার দাবি এ শর্তগুলোর মধ্যে রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইরানের আলোচকরা এসব শর্ত আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন।

    এছাড়া শর্তের মধ্যে রয়েছে হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য একটি কার্যকর প্রক্রিয়া নির্ধারণ এবং ইরানসহ আঞ্চলিক অন্যান্য এলাকায় ‘দৃশ্যমান ও স্থায়ী যুদ্ধবিরতি’ নিশ্চিত করা। বিশ্লেষকদের মতে, এই যুদ্ধবিরতির প্রসঙ্গটি মূলত অঞ্চলে ইরানের মিত্র গোষ্ঠীগুলোর পরিস্থিতিকেও ইঙ্গিত করছে।

  • ১১ এপ্রিল, ২০২৬

    দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় ৩ জরুরি কর্মীসহ নিহত ১০

    দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন জরুরি সেবাকর্মীও রয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নাবাতিয়েহ জেলায় অন্তত তিনটি স্থানে প্রাণঘাতী আঘাত হেনেছে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছে ১০ লেবানিজ। নিহতদের মধ্যে লেবাননের সিভিল ডিফেন্সের একজন সদস্য ও দুইজন প্যারামেডিক রয়েছেন।

    জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করে ‘উদ্দেশ্যমূলক’ হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে লেবানন কর্তৃপক্ষ।।

    রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ডজনখানেকের বেশি স্থানে হামলা চালানো হয়েছে।

  • ১১ এপ্রিল, ২০২৬

    আলোচনায় অংশ নিলেও ‘ট্রিগারে আঙুল থাকবে’: তেহরান

    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগেই কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে তেহরান। ইরান সরকারের এক মুখপাত্র বলেছেন, পাকিস্তানে প্রতিনিধিদল পাঠানো দেশটির আলোচনায় আগ্রহেরই প্রমাণ, তবে একই সঙ্গে সতর্ক অবস্থানও বহাল থাকবে।

    ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেন, আমরা সংলাপে বিশ্বাসী এবং যুক্তিবাদী। তবে যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই তাই ইরানি প্রতিনিধিদল সর্বোচ্চ সতর্কতা নিয়ে আলোচনায় অংশ নিচ্ছে।

    তিনি আরো বলেন, ইরান তার ‘সার্বভৌম অধিকার’ নিয়ে কোনো আপস করবে না। আর এ বিষয়ে কোনো ধরনের পিছু হটার প্রশ্নই ওঠে না।

    মোহাজেরানি সতর্ক করে বলেন, আলোচনায় অংশ নিলেও তেহরানের ‘ট্রিগারে আঙুল থাকবে’।

    তার এ বক্তব্য কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি সামরিক প্রস্তুতিও বজায় রাখার ইঙ্গিত দেয়।

    সূত্র: আল জাজিরা

  • ১১ এপ্রিল, ২০২৬

    ইরানের সম্পদ ছাড়ে সম্মতি নয়: হোয়াইট হাউস

    ইরানের জব্দকৃত সম্পদ ছাড়ে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে—এমন প্রতিবেদনের সত্যতা নাকচ করেছে হোয়াইট হাউসের এক কর্মকর্তা।

    মার্কিন প্রশাসনের ওই কর্মকর্তা জানান, তেহরানের সম্পদ অবমুক্ত করার বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

    এর আগে এক জ্যেষ্ঠ ইরানি সূত্রের বরাতে রয়টার্স জানায়, কাতারসহ বিভিন্ন বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানের সম্পদ ছাড়তে যুক্তরাষ্ট্র নীতিগতভাবে সম্মত হয়েছে।

    তবে হোয়াইট হাউসের সবশেষ বক্তব্যে সেই দাবির সঙ্গে স্পষ্ট বিরোধ দেখা দিয়েছে। ফলে এ বিষয়ে অনিশ্চয়তা আরো বেড়েছে।

  • ১১ এপ্রিল, ২০২৬

    যুক্তরাষ্ট্রকে দায়মুক্তির চেষ্টা নয়: তেহরানের সতর্কবার্তা

    চলমান আলোচনায় ব্যর্থতা এলে শুধুমাত্র ইসরায়েলকে দায়ী করে যুক্তরাষ্ট্রকে দায়মুক্ত করার কোনো প্রচেষ্টা মেনে নেয়া হবে না বলে জানিয়েছে তেহরান।

    সরকারি সূত্রের বরাতে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানায়, পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনায় অগ্রগতি হলেও কিছু পক্ষ ইসরায়েলকে ‘স্বতন্ত্র ও বিঘ্নসৃষ্টিকারী পক্ষ’ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রশাসনকে দায় এড়ানোর সুযোগ করে দেয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ তেহরানের।

    সূত্রটি আরও জানায়, ইসরায়েল আলোচনায় বাধা দিচ্ছে—এমন প্রচারণা চালানো হলেও তেহরান ইসরায়েলকে ওয়াশিংটনের সিদ্ধান্ত থেকে আলাদা কোনো সত্তা হিসেবে দেখে না। বরং আলোচনার ফলপ্রসূ সমাপ্তি না হলে তার দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে বলে মনে করে ইরান।

    সূত্র: আল জাজিরা

  • ১১ এপ্রিল, ২০২৬

    পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

    পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে সফররত প্রতিনিধিদল । বৈঠকে ভ্যান্সের সঙ্গে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও সাবেক হোয়াইট হাউস উপদেষ্টা জার্ড কুশনার। পাকিস্তানের পক্ষ থেকে অংশ নেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতি অনুযায়ী, উভয় পক্ষের মধ্যে সংলাপ সহজতর করতে পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন শাহবাজ শরিফ।

    সূত্র: আল জাজিরা

  • ১১ এপ্রিল, ২০২৬

    কাতার ও অন্য ব্যাংকে আটকে থাকা সম্পদ ছেড়ে দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র, ইরানি সূত্রের দাবি

    ইরানের একটি জ্যেষ্ঠ সূত্র শনিবার জানিয়েছে যে, কাতারসহ অন্যান্য বিদেশী ব্যাংকে আটকে থাকা ইরানের সম্পদ বা 'ফ্রোজেন অ্যাসেটস' ছেড়ে দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এ পদক্ষেপকে ইসলামাবাদে চলমান আলোচনায় চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে একটি আন্তরিকতা বা গুরুত্বের লক্ষণ হিসেবে স্বাগত জানিয়েছে ইরান।

    তবে সম্পদ অবমুক্ত করার এই বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রকাশ্য মন্তব্য করা হয়নি।

    বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি রয়টার্সকে জানিয়েছে, এ সম্পদ অবমুক্ত করার বিষয়টি সরাসরি হরমুজ প্রণালিতে নিরাপদ চলাচল নিশ্চিত করার সঙ্গে সম্পর্কিত, যা এ আলোচনার একটি অন্যতম প্রধান বিষয় হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

  • ১১ এপ্রিল, ২০২৬

    অঞ্চলের এক অংশকে রক্তাক্ত অবস্থায় রেখে আরেক অংশের সঙ্গে আলোচনা চলতে পারে না: আহসান ইকবাল

    পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়নমন্ত্রী আহসান ইকবাল বিবিসিকে বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি আলোচনায় লেবাননকেও অন্তর্ভুক্ত করা উচিত। তার মতে, এ প্যাকেজে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি থাকা উচিত। অর্থাৎ আলোচনা চলাকালীন সময়ে পাকিস্তান আশা করে, ইসরায়েল এ ঐতিহাসিক সুযোগটি নষ্ট করবে না।

    আহসান ইকবাল বলেন, অঞ্চলের এক অংশ রক্তে ভেজা থাকবে আর অন্য অংশ আলোচনার অধীনে থাকবে, এটা হতে পারে না। আমি মনে করি ইসরায়েলকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং আলোচনার আগে কোনো ধরনের সুবিধা নেয়ার চেষ্টা করা উচিৎ হবে না।

    তিনি আরো জানান, পাকিস্তান বিবাদমান পক্ষগুলোকে একটি চুক্তিতে আনতে সর্বাত্মক চেষ্টা করবে এবং তার মতে, যদি পক্ষগুলো যুদ্ধবিরতি বাড়াতে এবং আরেক দফা আলোচনায় সম্মত হয়, তবে সেটিকেই একটি সফল অগ্রগতি হিসেবে দেখা হবে।

  • ১১ এপ্রিল, ২০২৬

    যুক্তরাষ্ট্রের উচিৎ ‘ইসরায়েল ফার্স্ট’ নয়, বরং ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে মনোযোগ দেয়া: মোহাম্মদ রেজা আরেফ

    ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, ইসলামাবাদে আলোচনার ফলাফল সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের ওপর নির্ভর করছে।

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে লিখেছেন, মার্কিন প্রতিনিধিরা যদি তাদের 'আমেরিকা ফার্স্ট' নীতির দিকে মনোযোগ দেয়, তাহলে একটি পারস্পরিক লাভজনক চুক্তির সম্ভাবনা রয়েছে। তবে তিনি 'ইসরায়েল ফার্স্ট' নীতির দিকে ঝুঁকে পড়ার বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

    আরেফ বলেন, এমনটা ঘটলে তার ফলাফল হবে 'নো ডিল' বা কোনো চুক্তি না হওয়া, এবং ইরান তখন অনিবার্যভাবে আগের চেয়ে আরো জোরালোভাবে প্রতিরক্ষা কার্যক্রম চালিয়ে যাবে। এমন পরিস্থিতি বিশ্বের ওপর আরো বড় ধরনের আতঙ্ক চাপিয়ে দেবে।

    সূত্র- আল জাজিরা

  • ১১ এপ্রিল, ২০২৬

    পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানি প্রতিনিধিদলের সাক্ষাৎ

    পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আলোচনায় বসেছে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফের নেতৃত্বে সফররত প্রতিনিধিদল ।

    সূত্র- আল জাজিরা

  • ১১ এপ্রিল, ২০২৬

    আলোচনা শুরু হতে পারে যেকোনো মুহূর্তে

    যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট স্থানীয় সময় শনিবার (আজ) সকালে আলোচনার প্রথম দফা শুরু হওয়ার কথা জানিয়েছিলেন। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, যেকোনো সময় এ আলোচনা শুরু হতে পারে।

    আলোচনায় অংশ নিতে ইরানের প্রতিনিধিরা ইসলামাবাদে পৌঁছেছেন গতকাল রাতেই। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে এ প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং কয়েকজন আইনপ্রণেতা। আর মার্কিন প্রতিনিধিদলে রয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং সাবেক উপদেষ্টা ও প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

    এদিকে এ আলোচনার আগে পাকিস্তানের ব্যস্ততম রাজধানী ইসলামাবাদের রাস্তাগুলো জনশূন্য হয়ে পড়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শহরের বিভিন্ন সড়ক এরই মধ্যে বন্ধ করে দিয়েছে।

  • ১১ এপ্রিল, ২০২৬

    যুক্তরাষ্ট্র ও ইরান গঠনমূলক আলোচনায় অংশ নেবে, আশা পাকিস্তানের

    যুক্তরাষ্ট্র ও ইরান গঠনমূলক শান্তি আলোচনায় অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ইসলামাবাদের পররাষ্ট্র দপ্তরের একটি বিবৃতিতে এমনটা বলা হয়েছে।

    তিনি বলেছেন, স্থায়ী ও টেকসই সমাধানে’ পৌঁছাতে দুপক্ষকে সহযোগিতা করে যেতে চায় ইসলামাবাদ।

    সূত্র- আল জাজিরা

  • ১১ এপ্রিল, ২০২৬

    ‘চরম অবিশ্বাস’ নিয়ে আলোচনায় বসছে ইরান, জার্মান পররাষ্ট্রমন্ত্রীকে আরাগচি

    মেহর নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াদেফুলকে এক টেলিফোন আলাপে জানিয়েছেন, ইরান আমেরিকার সঙ্গে চরম অবিশ্বাস নিয়ে আলোচনায় বসছে।

    আরাগচি বলেন, নিজেদের জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় পূর্ণ শক্তি নিয়ে লড়াই করবে। আমেরিকার পক্ষ থেকে বারবার প্রতিশ্রুতি ভঙ্গ এবং কূটনৈতিক বিশ্বাসঘাতকতাকে এ অবস্থানের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন।

    সূত্র- আল জাজিরা

  • ১১ এপ্রিল, ২০২৬

    পাকিস্তান পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

    ইরানের সঙ্গে পূর্বঘোষিত শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

    পাকিস্তান সরকারের উচ্চপদস্থ সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

    সূত্র- আল জাজিরা

  • ১১ এপ্রিল, ২০২৬

    ইরানের সঙ্গে শান্তি আলোচনায় বসতে পাকিস্তানে মার্কিন প্রতিনিধি উইটকফ-কুশনার

    ইরানের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন মার্কিন বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। পাকিস্তান সরকারের উচ্চপদস্থ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

    সূত্র জানায়, ইসলামাবাদে ইরানের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠেয় উচ্চপর্যায়ের এ বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবেন উইটকফ ও কুশনার। ইরানের সঙ্গে দীর্ঘদিনের বৈরিতা নিরসন ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরানোর লক্ষ্যে এ আলোচনার আয়োজন করা হয়েছে।

    সূত্র- আল জাজিরা

  • ১১ এপ্রিল, ২০২৬

    ইরানের প্রতিনিধিদলের বিমানে মিনাবের নিহত শিক্ষার্থীদের ছবি-জিনিসপত্র

    যুদ্ববিরতি চুক্তি নিয়ে স্থায়ী সমাধানে পৌঁছতে আজ পাকিস্তানে আলোচনায় বসছে মার্কিন ও ইরানের প্রতিনিধিদল। বৈঠকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। গতকাল শুক্রবারই তিনি ও তার দল পাকিস্তানে পৌঁছেছেন।

    শুক্রবার রাতে তারা ইসলামাবাদে পৌঁছান ইরানের প্রতিনিধিরা। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ছবি পোস্ট করেন গালিবাফ। এতে দেখা যাচ্ছে, বিমানের ফাঁকা বিভিন্ন আসনে সাজিয়ে রাখা হয়েছে ইরানের মিনাব স্কুলে হামলায় নিহতদের ছবি ও তাদের ব্যবহার্য জিনিসপত্র। ক্যাপশনে গালিবাফ লিখেছেন, ফ্লাইটে আমার সঙ্গীরা, মিনাব ১৬৮।

    গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনী ইরানের মিনাবে একটি প্রাথমিক বিদ্যালয়েও হামলা চালায়। এতে নিহত হয়েছে দেড় শতাধিক শিক্ষার্থী। তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই ইরানের পার্লামেন্ট স্পিকারের এমন পোস্ট বলে প্রতিবেদনে বলা হয়েছে।

    সূত্র- আল জাজিরা

  • ১১ এপ্রিল, ২০২৬

    ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা নিয়ে কোনো বিকল্প পরিকল্পনার প্রয়োজন নেই। আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি গুরুত্ব পাবে। ভার্জিনিয়ার শার্লটসভিলের উদ্দেশে উড়োজাহাজে ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এসব কথা বলেন।

    যুদ্ধবিরতি আলোচনার জন্য ইসলামাবাদে যাওয়ার আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে তিনি কী বলেছেন-এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি তাকে শুভকামনা জানিয়েছি।

    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা কি একবারেই শেষ হবে নাকি আগামী সপ্তাহগুলোতেও চলবে, সে বিষয়ে নিশ্চিত নন বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। কোনো বিকল্প পরিকল্পনা (ব্যাক-আপ প্ল্যান) আছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, কোনো বিকল্প পরিকল্পনার প্রয়োজন নেই।

    ইরানের সঙ্গে একটি ভালো চুক্তি কেমন হতে পারে-অন্য এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। তার মতে, ইরানে ইতিমধ্যে সরকার পরিবর্তন (রেজিম চেঞ্জ) ঘটে গেছে।

    হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি বলেন, শিগগিরই খুলে দেয়া হবে। যদিও যুক্তরাষ্ট্রের জন্য এটির প্রয়োজন নেই।

    সূত্র- বিবিসি

  • ১১ এপ্রিল, ২০২৬

    ইরানে এক হাজার ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ ইন্টারনেট সেবা

    ইন্টারনেট মনিটরিং গ্রুপ নেটব্লকস জানিয়েছে, ইরানে রাষ্ট্রীয়ভাবে ইন্টারনেট সাইটগুলো ব্লক করে রাখার মেয়াদ এক হাজার ঘণ্টা অতিক্রম করেছে।

    সংস্থাটির মতে, এটি যেকোনো দেশে এ পর্যন্ত রেকর্ড করা দীর্ঘতম জাতীয় পর্যায়ের ইন্টারনেট নিষেধাজ্ঞা।

    সূত্র- আল জাজিরা

আমরা আশাবাদী, তবে যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বাস নেই: গালিবাফ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এখন কূটনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে। আলোচনায় বসতে পাকিস্তান পৌঁছে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছেন ইরানের প্রধান আলোচক ও দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তিনি বলেছেন, তাদের প্রতিনিধিদল আশাবাদী, তবে তারা মার্কিন প্রতিপক্ষকে বিশ্বাস করছে না।

পাকিস্তানের স্থানীয় সময় শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছায় ইরানের প্রতিনিধিদল। স্পিকার গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোল নাসের হেম্মাতি এবং কয়েকজন আইনপ্রণেতা।

গালিবাফ ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে বলেন, আমাদের সদিচ্ছা আছে, কিন্তু (যুক্তরাষ্ট্রের প্রতি) আমাদের কোনো বিশ্বাস নেই। চুক্তির বিষয়ে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র যদি একটি ‘প্রকৃত চুক্তির জন্য প্রস্তুত’ থাকে, তবে ইরানও প্রস্তুত হতে পারে।

তবে হতাশার সুরে ইরানের এ নেতা বলেন, দুর্ভাগ্যবশত, মার্কিনিদের সঙ্গে আমাদের আলোচনার অভিজ্ঞতা সব সময় ব্যর্থতা এবং প্রতিশ্রুতির লঙ্ঘনের মধ্য দিয়ে শেষ হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে বলেছে, কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যেই গুরুত্বপূর্ণ এই আলোচনার জন্য পুরোপুরি প্রস্তুত ইসলামাবাদ। আর ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, শুক্রবার বিকাল পর্যন্ত ইসলামাবাদে সরকারি ভবন ও বিভিন্ন দূতাবাস থাকা রাজধানীর ‘রেড জোন’ এলাকা সাংবাদিকদের জন্য উন্মুক্ত থাকলেও এখন তা সব ধরনের মানুষ ও যান চলাচলের জন্য পুরোপুরি বন্ধ। রেড জোনের আশপাশের এলাকাগুলোতে ক্যামেরা হাতে দেশী-বিদেশী সাংবাদিকদের উপস্থিতি চোখে পড়ছে। পাকিস্তান সরকার সাংবাদিকদের জন্য জিন্নাহ কনভেনশন সেন্টার বরাদ্দ দিয়েছে।

আরও