গাজা শহরের উত্তরে মানবিক সহায়তা পাওয়ার জন্য অপেক্ষমাণ সাধারণ মানুষদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজা সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।
গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বার্তা সংস্থা এপিকে জানান, কমপক্ষে ৩০ জন নিহত এবং আরো ৩০০ জন আহত হয়েছেন।
আল-শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া বলেন, তাদের হাসপাতালে অন্তত ৩৫টি মরদেহ পৌঁছেছে। হামলার ঘটনাটি ঘটেছে গাজা শহরের উত্তর-পশ্চিমাঞ্চলে জিকিম ক্রসিং পয়েন্ট থেকে প্রায় ৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, যেখানে সাধারণ মানুষ খাদ্যবাহী ট্রাকের আশায় জড়ো হয়েছিলেন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই ঘটনাকে কেন্দ্র করে কোনো হতাহতের তথ্য থাকার কথা অস্বীকার করেছে। তবে জাতিসংঘের মানবাধিকার সংস্থা (ওসিএইচএ) জানিয়েছে, ইসরায়েলের ঘোষিত চার দিনের ‘কৌশলগত বিরতি’ সত্ত্বেও গাজায় এখনো মানুষ অনাহারে মৃত্যুবরণ করছে এবং খাদ্যের জন্য সংগ্রামের সময়ও প্রাণ হারাচ্ছে।
জাতিসংঘ বলছে, এই সীমিত যুদ্ধবিরতি প্রচেষ্টা মানুষের দুর্ভিক্ষ ও তীব্র অপুষ্টি কাটিয়ে ওঠার জন্য যথেষ্ট নয়।