সাইপ্রাসে ব্রিটিশ সেনাদের লক্ষ্য করে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

৪০ আপডেট
  • ১ মার্চ, ২০২৬

    ইরানের বিরুদ্ধে অভিযানে তিন মার্কিন সেনা নিহত হয়েছে: যুক্তরাষ্ট্র

    ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে তিনজন মার্কিন সেনা নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

    মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, ‘আরো কয়েকজন সদস্য সামান্য শ্রাপনেল আঘাত ও কনকাশনে (মস্তিষ্কে আঘাতজনিত ধাক্কা) আহত হয়েছেন। তাদের পুনরায় দায়িত্বে ফেরানোর প্রক্রিয়া চলছে। বড় ধরনের যুদ্ধ অভিযান অব্যাহত রয়েছে এবং আমাদের প্রতিক্রিয়ামূলক কার্যক্রমও চলমান ‘

    বিবৃতিতে আরো বলা হয়, ‘নিহত সেনাদের পরিবারের প্রতি সম্মান জানিয়ে, নিকটাত্মীয়দের আনুষ্ঠানিকভাবে জানানো না হওয়া পর্যন্ত (অন্তত ২৪ ঘণ্টা) তাদের পরিচয়সহ অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করা হবে না।’

  • ১ মার্চ, ২০২৬

    এক থেকে দুই দিনের মধ্যে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হতে পারেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হতে যাচ্ছেন, সেটির দিকেই নজর সবার। সর্বোচ্চ নেতা খুঁজতে ইতোমধ্যে কাজও শুরু করে দিয়েছে দেশটির লিডারশিপ কাউন্সিল।

    এমন পরিস্থিতির মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানালেন, সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করে এক থেকে দুদিনের মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হতে পারেন। রোববার আল-জাজিরাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

  • ১ মার্চ, ২০২৬

    মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসির

    যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)।

    বাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে। এতে আরো বলা হয়েছে, শত্রুদের ওপর হামলার এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে তারা।

    তবে যুক্তরাষ্ট্রের দাবি, ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যে পৌঁছনোর আগেই সেগুলোকে ভূপতিত করা হয়েছে এবং রণতরীটি অক্ষত রয়েছে।

    আব্রাহাম লিংকন বর্তমানে পারস্য উপসাগর এবং আরব সাগরের কাছে অবস্থানরত দুইটি মার্কিন বিমানবাহী রণতরীর একটি।

    সূত্র: বিবিসি

  • ১ মার্চ, ২০২৬

    সাইপ্রাসে ব্রিটিশ সেনাদের লক্ষ্য করে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

    ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলে জানিয়েছেন, ইরান থেকে দুটি ক্ষেপণাস্ত্র সাইপ্রাসের দিকে নিক্ষেপ করা হয়েছে। সেখানে হাজারো ব্রিটিশ সেনা অবস্থান করছে। খবর আল-জাজিরা।

    তিনি বলেন, আমরা মনে করি না ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি সাইপ্রাসকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। তবে একটি শাসনব্যবস্থা গোটা অঞ্চলে ব্যাপকভাবে আক্রমণাত্মক আচরণ করছে, যা থেকে বাস্তব ও ক্রমবর্ধমান হুমকি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে আমাদের পদক্ষেপ নিতে হবে।

    প্রতিরক্ষামন্ত্রী আরো জানান, শনিবার ইরানের হামলার কিছু ক্ষেপণাস্ত্র বাহরাইনে অবস্থানরত ব্রিটিশ সেনাদের কয়েকশ গজ (কয়েকশ মিটার) দূরত্বে আঘাত হানে।

  • ১ মার্চ, ২০২৬

    শত্রুদের বিরুদ্ধে কঠোর হামলা চলবে, হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় ইরানের কঠোর হমলা চলবে। খবর আল জাজিরা।

    আজ টেলিভশনে দেয়া বিবৃতিতে তিনি বলেন, আমরা আমাদের সর্বোচ্চ নেতার পদাঙ্ক অনুসরণ করে যাব। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী কঠোর আঘাত হানতে থাকবে, শত্রুদের সামরিক ঘাঁটি ধ্বংস করতে থাকবে।

    তিনি আরো বলেন, আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত বরণ ছিল বছরের পর বছর ত্যাগের চূড়ান্ত পরিণতি।

  • ১ মার্চ, ২০২৬

    খামেনির দেখানো পথ অনুসরণ অব্যাহত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    ইরানের পারমানবিক কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক আলোচনা চলার সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

    দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। এতে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, খামেনির দেখানো পথ অনুসরণ অব্যাহত থাকবে।

  • ১ মার্চ, ২০২৬

    সিরিয়ার আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করল ইসরায়েল

    সিরিয়ার আকাশে একটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইসরায়েল। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। ক্ষেপণাস্ত্রটি ধ্বংসের সময় একটি বিকট বিস্ফোরণ ঘটে, যা সিরিয়ার রাজধানী দামেস্কের বিভিন্ন অঞ্চল থেকে শোনা গেছে। দামেস্কে অবস্থানরত এএফপির সাংবাদিকরাও বিস্ফোরণের শব্দ শোনার কথা নিশ্চিত করেছেন।

  • ১ মার্চ, ২০২৬

    ইসরায়েলের বেইত শেমেসে নিহতের সংখ্যা বেড়ে ৯

    ইসরায়েলের বেইত শেমেসে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়িয়েছে। ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) অ্যাম্বুলেন্স সার্ভিসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

  • ১ মার্চ, ২০২৬

    আমিরাতে এক বাংলাদেশীসহ অন্তত ৩ জন নিহত, আহত ৫৮

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে ইরানের প্রতিশোধমূলক অভিযান শুরু হওয়ার পর থেকে সংযুক্ত আরব আমিরাতে অন্তত তিনজন নিহত এবং আরো ৫৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশী রয়েছেন। খবর আল জাজিরা।

    সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, যার মধ্যে ১৫২টি ধ্বংস করা হয়েছে এবং দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

    বিবৃতিতে আরো জানানো হয়, মোট ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৫০৬টি প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

    মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় তিনজনের মৃত্যু হয়েছে—যাদের মধ্যে একজন পাকিস্তানের, একজন নেপালের এবং একজন বাংলাদেশের নাগরিক।

  • ১ মার্চ, ২০২৬

    ইসরায়েলের বেইত শেমেসে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে

    ইসরায়েলের কেন্দ্রীয় শহর বেইত শেমেসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস।

    টাইমস অব ইসরায়েল পত্রিকার প্রতিবেদল বলছে, ক্ষেপণাস্ত্রটি শহরের একটি আবাসিক এলাকায় আঘাত হেনেছে।

    সূত্র: আল জাজিরা

  • ১ মার্চ, ২০২৬

    হরমুজ প্রণালির কাছে অজ্ঞাত বস্তুর আঘাতে আরেকটি জাহাজ ক্ষতিগ্রস্ত

    হরমুজ প্রণালির কাছে একটি জাহাজ ‘অজ্ঞাত বস্তুর’ আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য বিষয়ক সংস্থা- ইউকেএমটিও। খবর আল জাজিরা।

    সংস্থাটি এক বিবৃতিতে জানিইয়েছে, ওমানের উত্তরে এবং হরমুজ প্রণালির পূর্বে অবস্থিত একটি জাহাজে অজ্ঞাত বস্তু আঘাত হানে। প্রাথমিকভাবে ইঞ্জিন রুমে আগুন লাগার খবর পাওয়া গেলেও, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে।

  • ১ মার্চ, ২০২৬

    দুবাইয়ে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে

    সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে আল জাজিরা।

  • ১ মার্চ, ২০২৬

    তেহরানের বিভিন্ন এলাকায় ‘ভয়াবহ’ বিস্ফোরণের শব্দ: ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম

    ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা হয়েছে। এসব এলাকায় ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে এমনটা বলা হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, তেহরানের বিভিন্ন এলাকা, বিশেষ করে সাইয়্যেদ খানদান, কাসর চত্বর, ভানাক স্কয়ার এবং মোতাহারি স্ট্রিট এলাকার আশেপাশে ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

    ইরনার প্রতিবেদনটি প্রকাশের কিছুক্ষণ আগে ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা দিয়েছিল, তারা ইরানের রাজধানীর প্রাণকেন্দ্রে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।

    সূত্র: আল জাজিরা

  • ১ মার্চ, ২০২৬

    ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যু ‘একটি নিষ্ঠুর হত্যাকাণ্ড’: পুতিন

    ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে ‘নিষ্ঠুর হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করে এর কঠোর নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় পুতিন বলেন, খামেনির মৃত্যু আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। এ হত্যাকাণ্ড মানবীয় নৈতিকতার সমস্ত সীমা অতিক্রম করেছে।

    রাশিয়া খামেনিকে একজন ‘অসামান্য রাষ্ট্রনায়ক’ হিসেবে সবসময় স্মরণ রাখবে বলেও জানান রুশ প্রেসিডেন্ট।

    মস্কো ও তেহরান দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এ সম্পর্ক আরো গভীর হয়েছে।

  • ১ মার্চ, ২০২৬

    তেহরানে হামলায় ৫৭ জন নিহতের তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম

    তেহরানে রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেখানে ৬০টি হামলা হয়েছে। এতে এখন পর্যন্ত ৫৭ জন নিহত হয়েছেন।

    এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের রাজধানী তেহরানকে লক্ষ্য করে এ অভিযান চালাচ্ছে। প্রকাশিত বিভিন্ন ছবিতে শহরের আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

    সূত্র: আল জাজিরা

  • ১ মার্চ, ২০২৬

    তেহরানে 'শক্তিশালী বিমান হামলা' অব্যাহত থাকবে: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

    ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ একটি বিবৃতিতে বলেছেন, তাদের সেনাবাহিনী ইরানি শাসনের বিভিন্ন লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে।

    তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, তেহরানের লক্ষ্যবস্তুগুলোতে শক্তিশালী হামলা চালানোর জন্য আমরা একটি অবিচ্ছিন্ন 'এয়ার ব্রিজ' (আকাশপথে নিরবচ্ছিন্ন সরবরাহ ও আক্রমণ ব্যবস্থা) সংগঠিত করব।

  • ১ মার্চ, ২০২৬

    আলিরেজা আরাফি ইরানের নেতৃত্ব পরিষদে নিযুক্ত

    গার্ডিয়ান কাউন্সিলের ধর্মীয় নেতা আলিরেজা আরাফি ইরানের নেতৃত্ব পরিষদে নিযুক্ত হয়েছেন। বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) নতুন নেতা নির্বাচন না করা পর্যন্ত সর্বোচ্চ নেতার দায়িত্ব পালনের জন্য পরিষদটি গঠিত।

    প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মোহসেনি-এজেই-এর পাশাপাশি আরাফি এ সাময়িক নেতৃত্ব পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

  • ১ মার্চ, ২০২৬

    আইআরজিসির নতুন প্রধান হিসেবে আহমদ ওয়াহিদীর নাম ঘোষণা

    ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসির নতুন প্রধান কমান্ডার হিসেবে আহমদ ওয়াহিদীর নাম ঘোষণা করা হয়েছে। শনিবার তেহরানে মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান হামলায় আইআরজিসির বিদায়ী কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার পর এই জরুরি নিয়োগ দেয়া হলো।

  • ১ মার্চ, ২০২৬

    ওমানের বন্দর ও তেলবাহী জাহাজে ইরানের হামলার নিন্দা জানাল কাতার

    ওমানের দুকম বাণিজ্যিক বন্দর এবং উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজে ইরানি হামলার ঘটনায় কাতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হামলাকে ওমানের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং একটি ‘অগ্রহণযোগ্য উত্তেজনা’ হিসেবে বর্ণনা করেছে। কাতার আরো উল্লেখ করেছে যে, এটি একটি কাপুরুষোচিত কাজ, বিশেষ করে এমন একটি রাষ্ট্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে যারা মধ্যপ্রাচ্যে শান্তি ও মধ্যস্থতার প্রচেষ্টায় সবসময় সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

    ওমানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, দুকম বন্দরে ড্রোন হামলায় একজন শ্রমিক আহত হয়েছেন। এর পাশাপাশি ওমান উপকূলে থাকা একটি তেলবাহী জাহাজকেও লক্ষ্যবস্তু করা হয়। হামলার পরপরই জাহাজের ক্রু সদস্যদের সরিয়ে নেয়া সম্ভব হলেও তাদের মধ্যে চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।

  • ১ মার্চ, ২০২৬

    মোট ৩০ জন শীর্ষ ইরানি কর্মকর্তা নিহত হয়েছেন, দাবি ইসরায়েলের

    ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১২ জানিয়েছে, ইরানের হামলায় মোট ৩০ জন শীর্ষ ইরানি কর্মকর্তা নিহত হয়েছেন। যাদের মধ্যে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও রয়েছেন। চ্যানেলটির এন১২ ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে আরো বলা হয়, ইসরায়েলের রাজনৈতিক ও নিরাপত্তা মহল মনে করছে—এটি কেবল শুরু, সামনে কমপক্ষে কয়েক দিনের অভিযান বাকি।

  • ১ মার্চ, ২০২৬

    খামেনিসহ শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ নেয়া ইরানের বৈধ অধিকার: পেজেশকিয়ান

    ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, খামেনি ও অন্যান্য জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে হত্যার জন্য দায়ীদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়াকে তেহরান তার 'দায়িত্ব ও বৈধ অধিকার' হিসেবে বিবেচনা করে। শোকবার্তায় তিনি জানান, এ ঐতিহাসিক অপরাধে জড়িত ব্যক্তি ও নির্দেশদাতাদের কাছ থেকে জবাবদিহি নিশ্চিত করতে ইরান তার সর্বশক্তি নিয়োগ করবে।

  • ১ মার্চ, ২০২৬

    প্রতিশোধ নেয়া ইরানের ‘কর্তব্য ও বৈধ অধিকার’: পেজেশকিয়ান

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বিবৃতিতে জানিয়েছেন যে, আয়াতুল্লাহ আলী খামেনি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ নেয়া ইরানের জন্য ‘অপরিহার্য কর্তব্য এবং বৈধ অধিকার’। এ হত্যাকাণ্ডকে একটি 'ঐতিহাসিক অপরাধ' হিসেবে অভিহিত করে তিনি বলেন, যারা এই হামলার আদেশ দিয়েছে এবং যারা সরাসরি বাস্তবায়ন করেছে, তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা এবং কঠোর শাস্তি দেয়াই এখন ইরানের প্রধান লক্ষ্য।

    বিবৃতিতে প্রেসিডেন্ট আরো জোর দিয়ে বলেন, এই মহান দায়িত্ব ও অঙ্গীকার পালনে ইসলামিক রিপাবলিক অব ইরান তাদের সমস্ত শক্তি ও সামর্থ্য নিয়োগ করবে। জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং শীর্ষ নেতৃত্বের রক্তের বদলা নিতে ইরান কোনো প্রকার আপস করবে না।

  • ১ মার্চ, ২০২৬

    সৌদি আরবের রাজধানী রিয়াদের পূর্বাঞ্চলে বিস্ফোরণ

    সৌদি আরবের রাজধানী রিয়াদের পূর্বাঞ্চলে কয়েকটি জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, রিয়াদের আকাশে ধোঁয়া উঠতে দেখা গেছে

  • ১ মার্চ, ২০২৬

    মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানি যুদ্ধবিমানের বোমাবর্ষণ

    ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে যে, দেশটির বিমান বাহিনী পারস্য উপসাগরীয় দেশসমূহ এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে সফলভাবে বোমাবর্ষণ করেছে। ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, তাদের পাইলটরা বেশ কয়েকটি ধাপে অত্যন্ত নিখুঁতভাবে এই হামলা পরিচালনা করেছেন।

    ইরানি সেনাবাহিনীর পক্ষ থেকে আরো দাবি করা হয়, অঞ্চলটির সমস্ত ‘শত্রু সামরিক ঘাঁটি’ এখন ইরানের বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলোর নাগালের মধ্যে রয়েছে।

  • ১ মার্চ, ২০২৬

    মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা জোরদার করেছে ইরান

    ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, দেশটির বিমানবাহিনীর পাইলটরা উপসাগরীয় দেশগুলো ও ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে সফলভাবে বোমা হামলা চালিয়েছেন। ইরানি সেনাবাহিনীর দাবি, কয়েক ধাপে পরিচালিত এ হামলায় একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে এবং অঞ্চলের সব ‘শত্রু সামরিক কেন্দ্র’ তাদের যুদ্ধবিমানের আওতার মধ্যে রয়েছে।

    এদিকে আলজাজিরা বলছে, ইরানি হামলার পর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জেবেল আলি বন্দরে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রকাশিত ছবিতে বাহরাইনের রাজধানী মানামা ও জেবেল আলি বন্দরে আগুন ও ধোঁয়ার দৃশ্য দেখা যায়।

  • ১ মার্চ, ২০২৬

    ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে হামলা

    ওমানের সামুদ্রিক নিরাপত্তা কেন্দ্র জানিয়েছে, মাসানদামের উপকূল থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল দূরে পালাউ পতাকাবাহী তেলবাহী ট্যাংকার ‘স্কাইলাইট’-এ হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হন এবং ২০ জনের পুরো নাবিকদলকে সরিয়ে নেয়া হয়েছে।

    এ ঘটনার আগে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দু’টি ড্রোন দুকম বন্দরে হামলা চালালে এক বিদেশী কর্মী আহত হন। বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

  • ১ মার্চ, ২০২৬

    তেহরানে ইরানি সরকারের সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে ইসরায়েল

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তেহরানে ইরানি শাসনব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা শুরু হয়েছে।

    বিবৃতিতে বলা হয়, আকাশসীমায় আধিপত্য প্রতিষ্ঠা এবং তেহরানের পথে অগ্রসর হওয়ার লক্ষ্যে গত একদিন ধরে বড় পরিসরে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী। এদিকে ইরানি গণমাধ্যম রাজধানীতে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার খবর দিয়েছে।

  • ১ মার্চ, ২০২৬

    তেল আবিব ও আশপাশে সাইরেন, জেরুজালেম-অধিকৃত পশ্চিম তীরেও সতর্কতা

    ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, তেল আবিব ও আশপাশের বিস্তীর্ণ এলাকায়—এছাড়া জেরুজালেম ও অধিকৃত পশ্চিম তীরেও—সাইরেন বেজে উঠেছে। সরকারি সূত্রের বরাতে আরো বলা হয়েছে, হাইফা ও তার উপসাগরীয় এলাকা এবং আক্কা শহর ও আশপাশেও সাইরেন শোনা গেছে।

  • ১ মার্চ, ২০২৬

    ইরানের হামলার পর তেল আবিবে পরিস্থিতি

  • ১ মার্চ, ২০২৬

    করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভে নিহত ৬

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় পাকিস্তানে তীব্র জনরোষ ছড়িয়ে পড়েছে। করাচিতে বিক্ষোভকারীরা মার্কিন কূটনৈতিক মিশনে চড়াও হয়ে সেখানে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে। এতে ছয়জন নিহত ও আরো কয়েকজন আহত হয়েছে। দেশটির উদ্ধারকারী সংস্থা এধি ফাউন্ডেশনের বরাত দিয়ে আল জাজিরো জানায়, করাচিতে মার্কিন কনস্যুলেটের আশপাশে ছড়িয়ে পড়া দাঙ্গায় ছয়জন নিহত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যাপক তৎপর রয়েছে।

    এর আগে, আল জাজিরার ‘সানাদ’ ফ্যাক্ট-চেকিং ইউনিট দ্বারা যাচাইকৃত ভিডিও ফুটেজে দেখা গেছে, ক্ষুব্ধ জনতা কনস্যুলেটের জানালায় পাথর ছুড়ে কাঁচ ভাঙছে এবং চত্বরের বিভিন্ন অংশে আগুন ধরিয়ে দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হলেও উত্তজনা প্রশমিত করা কঠিন হয়ে পড়ছে।

  • ১ মার্চ, ২০২৬

    ইরানের হামলায় তেল আবিবে অন্তত ৪০টি ভবন ক্ষতিগ্রস্ত

    ইরানের শনিবারের হামলায় অন্তত ৪০টি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পর তেল আবিবে ২০০-র বেশি বাসিন্দাকে বাড়ি থেকে সরিয়ে তিনটি হোটেলে নেয়া হয়েছে। শহর কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে হারেৎজ।

  • ১ মার্চ, ২০২৬

    ‘আমিরাতে ১৩৭টি ক্ষেপণাস্ত্র ও ২০৯টি ড্রোন ছুড়েছে ইরান’

    সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, ইরান তাদের ভূখণ্ড লক্ষ্য করে অন্তত ১৩৭টি ক্ষেপণাস্ত্র এবং ২০৯টি ড্রোন নিক্ষেপ করেছে। এই বিশাল আকারের বিমান হামলাটি সরাসরি আমিরাতের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে। কর্তৃপক্ষের দেয়া তথ্যমতে, আবুধাবি বিমানবন্দরে একটি ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার’ সময় অন্তত একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন সাতজন। এই হামলার প্রভাবে বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে।

  • ১ মার্চ, ২০২৬

    করাচিতে মার্কিন কনস্যুলেটে হামলা-ভাংচুর

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় পাকিস্তানে তীব্র জনরোষ ছড়িয়ে পড়েছে। করাচিতে বিক্ষোভকারীরা মার্কিন কূটনৈতিক মিশনে চড়াও হয়ে সেখানে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে।

    আল জাজিরার ‘সানাদ’ ফ্যাক্ট-চেকিং ইউনিট দ্বারা যাচাইকৃত ভিডিও ফুটেজে দেখা গেছে, ক্ষুব্ধ জনতা কনস্যুলেটের জানালায় পাথর ছুড়ে কাঁচ ভাঙছে এবং চত্বরের বিভিন্ন অংশে আগুন ধরিয়ে দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হলেও উত্তজনা প্রশমিত করা কঠিন হয়ে পড়ছে।

  • ১ মার্চ, ২০২৬

    একদিনে ইরানে ১২ শতাধিক বোমা নিক্ষেপের দাবি ইসরায়েলের

    যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ হামলায় গত এক দিনে ইরানে ১,২০০টির বেশি বোমা নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের বিমান বাহিনী। ইসরায়েলি বিমান বাহিনীর ভাষ্য অনুযায়ী, হামলায় ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়।

    এর মধ্যে দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়েও আঘাত হানার খবর পাওয়া গেছে। ওই হামলায় অন্তত ১৪৮ জন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

  • ১ মার্চ, ২০২৬

    ইরানে মেয়েদের স্কুলে মৃত্যু সংখ্যা বেড়ে ১৪৮

    ইরানের দক্ষিণাঞ্চলের মিনাব শহরে একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে শনিবার মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার পর হতাহতদের সংখ্যা বাড়তে শুরু করেছে। মিনাবের প্রসিকিউটর ইব্রাহিম তাহেরি জানিয়েছেন, ওই হামলায় বর্তমানে কমপক্ষে ১৪৮ জনের মৃত্যু এবং ৯৫ জন আহত হয়েছে বলে স্থানীয় বিচার বিভাগীয় সংবাদসংস্থা মিজান নিউজ এজেন্সিকে জানানো হয়েছে। হামলায় নিহতদের মধ্যে বেশিরভাগ ছাত্রী। সে সঙ্গে, কয়েকজন শিক্ষক, স্কুল কর্মী ও অভিভাবক রয়েছেন বলে বলা হয়েছে।

    প্রতিবেদনগুলোয় বলা হয়েছে, হামলা যখন সংঘটিত হয় তখন স্কুলে প্রায় ১৭০ জন নারী শিক্ষার্থী উপস্থিত ছিলেন এবং উদ্ধারকাজ শেষে মৃতের সংখ্যা তাতে আরো বাড়তে পারে।

  • ১ মার্চ, ২০২৬

    হামলায় প্রতিরক্ষামন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের নিহতের খবর নিশ্চিত করল ইরান

    মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। শনিবারের ওই হামলায় তারা নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    ইরনা আরো জানায়, একই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)–এর প্রধান মোহাম্মদ পাকপুরও নিহত হয়েছেন।

    সশস্ত্র বাহিনীর আরো কয়েকজন উচ্চপদস্থ কমান্ডার নিহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে; তাদের নাম পরে ঘোষণা করা হবে।

  • ১ মার্চ, ২০২৬

    ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন

    ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত হওয়ার পর দেশটির কয়েকটি এলাকায় সতর্কতা (অ্যালার্ট) ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং সাইরেন বেজেছে। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, এ মুহূর্তে বিমান বাহিনী হুমকি প্রতিহত করতে এবং প্রয়োজন হলে আঘাত হানতে কাজ করছে।

    বিবৃতিতে আরো বলা হয়, প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ অভেদ্য নয়—এ কারণে জনগণকে নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

    এদিকে রয়টার্সের প্রতিবেদনের বরাতে কিছু গণমাধ্যম জানায়, ইরান থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র শনাক্তের পর জেরুজালেমসহ মধ্যাঞ্চলে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে প্রতিহত করার চেষ্টা চালায়।

  • ১ মার্চ, ২০২৬

    ইরাকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় ইরাক তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। দেশটির সরকারি বার্তা সংস্থা আইএনএর বরাতে এ তথ্য জানানো হয়।

    সরকারের মুখপাত্র বাসেম আল-আওয়াদি এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, আমরা সম্মানিত ইরানি জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি সমবেদনা জানাচ্ছি। মহান আলেম ও মুজাহিদ, সর্বোচ্চ নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী আল-হুসেইনি আল-খামেনির শাহাদাতে আমরা শোকাহত।

  • ১ মার্চ, ২০২৬

    অন্তর্বর্তী নেতৃত্ব কাউন্সিল গঠনের ঘোষণা ইরানের

    ইরানে একটি অস্থায়ী নেতৃত্ব কাউন্সিল গঠন করা হবে বলে জানিয়েছে দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি।

    আজ রোববার রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানানো হয়।

    প্রতিবেদন অনুযায়ী, বর্তমান সংকটময় পরিস্থিতিতে রাষ্ট্রীয় নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখতেই এ অন্তর্বর্তী কাঠামো গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কাউন্সিলের গঠন, সদস্যসংখ্যা বা এর কার্যপরিধি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

    এ সময় লারিজানি সতর্ক করে বলেন, দেশের অভ্যন্তরে কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে দুর্বল করে সম্পদ লুট ও দেশটিকে ভেঙে দেওয়ার উদ্দেশ্যেই সাম্প্রতিক হামলা চালিয়েছে।

  • ১ মার্চ, ২০২৬

    সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ নিহত: ইরান

    ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আবদুলরহিম মুসাভি নিহত হয়েছেন। রোববার প্রচারিত এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করা হয় বলে জানানো হয়েছে।

তেহরানে রোববার ভোরে একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। ইসরায়েল নতুন করে হামলা চালানোর ঘোষণা দেওয়ার পরই এসব বিস্ফোরণের খবর আসে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, এ দফার হামলায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অবকাঠামো ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। দেশটির সামরিক বাহিনীর ভাষ্য, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব স্থাপনায় হামলা চালিয়ে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার চেষ্টা চলছে।

বিস্ফোরণের সময় রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় এবং আকাশে ড্রোনের তৎপরতাও লক্ষ্য করা গেছে।

আরও