জরুরি ভিত্তিতে ১ কোটি ২০ লাখ ডোজ এমপক্স ভ্যাকসিন কেনার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)। এরই মধ্যে এমপক্সের টিকা নিশ্চিত করতে জরুরি দরপত্র ইস্যু করেছে সংস্থাটি। গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্স, আফ্রিকা সিডিসি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় সংকটে পড়া দেশগুলোকে সহায়তার জন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে এক যৌথ বিবৃতিতে জানিয়েছে ইউনিসেফ। খবর রয়টার্স।
বিবৃতিতে বলা হয়, দরপত্রের আওতায় ইউনিসেফ টিকা প্রস্তুতকারকদের সঙ্গে শর্তসাপেক্ষে সরবরাহ চুক্তি করবে। অর্থায়ন, চাহিদা, প্রস্তুতি ও নিয়ন্ত্রণের প্রাসঙ্গিক সব শর্ত মানা নিশ্চিত হলেই ইউনিসেফ সময়মতো টিকা ক্রয় ও সরবরাহ করতে সক্ষম হবে।
রয়টার্স জানায়, বিবৃতি অনুযায়ী নির্মাতাদের উৎপাদন সক্ষমতার ওপর নির্ভর করে ২০২৫ সালের মধ্যে ১ কোটি ২০ লাখ ডোজ টিকা তৈরি করার চুক্তি হতে পারে।
এ দরপত্র ও চুক্তির আওতায় আক্রান্ত দেশ ও অংশীদাররা অর্থায়ন নিশ্চিত করতে পারলেই ইউনিসেফ কোনো বিলম্ব ছাড়াই ভ্যাকসিন কিনে সেখানে সরবরাহ করতে পারবে। দেশটিতে ভ্যাকসিন পাঠানোর আইনি বাধা থাকলে সেটা আগে থেকেই সমাধান করা হবে।