কঙ্গোয় ইবোলার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত, মৃতের সংখ্যা বেড়ে ৮০

শুক্রবার কঙ্গোর স্বাস্থ্যমন্ত্রী স্যামুয়েল রজার কাম্বা মুলাম্বা জানিয়েছেন, রুয়াম্পারা, মঙ্গওয়ালু ও বুনিয়া স্বাস্থ্য অঞ্চলে সংগৃহীত আটটি নমুনায় 'বুন্ডিবুগিও' নামের বিরল ভ্যারিয়েন্টটি শনাক্ত হয়েছে। পুরো প্রদেশে এখন পর্যন্ত ২৪৬টি সন্দেহজনক সংক্রমণের তথ্য পাওয়া গেছে।

কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে নতুন করে ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৮০ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ল্যাবরেটরি পরীক্ষায় ইবোলার একটি বিরল ভ্যারিয়েন্ট (স্ট্রেইন) শনাক্ত হওয়ায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। খবর স্কাই নিউজ ও এনডিটিভি।

শুক্রবার কঙ্গোর স্বাস্থ্যমন্ত্রী স্যামুয়েল রজার কাম্বা মুলাম্বা জানিয়েছেন, রুয়াম্পারা, মঙ্গওয়ালু ও বুনিয়া স্বাস্থ্য অঞ্চলে সংগৃহীত আটটি নমুনায় 'বুন্ডিবুগিও' নামের বিরল ধরণটি শনাক্ত হয়েছে। পুরো প্রদেশে এখন পর্যন্ত ২৪৬টি সন্দেহজনক সংক্রমণের তথ্য পাওয়া গেছে।

ভাইরাসটির প্রাদুর্ভাবে প্রথম আক্রান্ত ব্যক্তি হিসেবে বুনিয়ার একটি মেডিকেল সেন্টারের এক নার্সকে সন্দেহ করা হচ্ছে। জ্বর, রক্তক্ষরণ, বমি ও তীব্র শারীরিক দুর্বলতার মতো উপসর্গ নিয়ে সম্প্রতি ওই নার্সের মৃত্যু হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গত ৫ মে সন্দেহজনক সংক্রমণের খবর পাওয়ার পর তারা একটি তদন্ত দল পাঠিয়েছিল। তবে প্রথম দফার পরীক্ষায় সংগৃহীত নমুনাগুলো নেগেটিভ আসে। পরে গত বৃহস্পতিবার দেশটির রাজধানী কিনশাসার ল্যাবে পুনরায় পরীক্ষা করা হলে ১৩টি নমুনা পজিটিভ শনাক্ত হয়। জরুরি পরিস্থিতি মোকাবেলায় সংস্থাটি তাদের আপদকালীন তহবিল থেকে ৫ লাখ ডলার বরাদ্দ দিয়েছে।

আফ্রিকা সিডিসি-র মহাপরিচালক জিন কাসেয়া প্রতিবেশী উগান্ডা ও দক্ষিণ সুদানের সঙ্গে দ্রুত আঞ্চলিক সমন্বয়ের তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন, বুনিয়া ও রুয়াম্পারার মতো শহুরে পরিবেশ এবং খনি এলাকার কারণে বিপুল মানুষের যাতায়াত ভাইরাসের সীমান্ত পার হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।

১৯৭৬ সালে কঙ্গোয় ইবোলা শনাক্ত হওয়ার পর দেশটিতে ১৭তম বারের মতো ভাইরাসটির দেখা মিলেছে। চিকিৎসকরা জানিয়েছেন, কঙ্গোয় বিদ্যমান ইবোলার টিকা ও চিকিৎসা পদ্ধতিগুলো মূলত ‘জাইরে’ নামক ভ্যারিয়েন্টের জন্য তৈরি করা হয়েছিল। ফলে নতুন এ স্ট্রেইনটি মোকাবেলা করা চিকিৎসা বিজ্ঞানীদের জন্য বেশ কঠিন হতে পারে।

আরও