মিশরের সাবেক সেনাশাসক ও ফিল্ড মার্শাল হোসেন তানতাবি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ১৯৫৬, ১৯৬৭ ও ১৯৭৩ সালে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিলেন।
দেশটির রাষ্ট্রীয় পত্রিকা আখবার আল ইউয়াম পত্রিকার অনলাইনে প্রকাশিত খবরের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, আজ মঙ্গলবার মারা গেছেন বর্ষীয়ান সাবেক এই সেনা কর্মকর্তা।
১৯৩৫ সালে মিশরের নুবিয়ান অঞ্চলে জন্ম নেয়া তানতাবি ১৯৫৬ সালে পদাতিক বাহিনীতে কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৫৬ সালে ইসরাইলের বিরুদ্ধে অনুষ্ঠিত সুয়েজ যুদ্ধে অংশ নেন। পরে ইসরাইলের বিরুদ্ধে আরবদের পক্ষে দুটি যুদ্ধে অংশ নেন তানতাবি।
১৯৯১ সালে ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কুয়েত দখলের বিরুদ্ধে মার্কিন সমর্থিত বাহিনীর পক্ষে লড়েছেন তিনি। হোসেন তানতাবি সেনাপ্রধান হন ১৯৯৫ সালে। হোসনি মোবারকের উত্খাতের পর তিনি সুপ্রিম কাউন্সিল অব আর্মড ফোর্সেসের প্রধান হিসাবে দেড় বছর রাষ্ট্র পরিচালনা করেন। মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ২০১২ এর আগস্টে তাকে বরখাস্ত করেন মোহাম্মদ মুরসি।
এরপর থেকে তিনি লোকচক্ষুর অন্তরালে নিভৃতচারী জীবনযাপন করছিলেন।