দিল্লিতে ‘এআই ইমপ্যাক্ট সামিটে’ বক্তব্য দেবেন না মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মূল বক্তা হিসেবে বক্তব্য দেয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে তার দাতব্য সংস্থা গেটস ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি।
গেটস ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে, অনেক চিন্তাভাবনার পর এবং সম্মেলনের মূল বিষয়ের ওপর থেকে যেন মনোযোগ সরে না যায় সেজন্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া তারা বিস্তারিত আর কিছু জানায়নি।
চলতি বছরের জানুয়ারিতে মার্কিন কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টিনের নতুন ৩৫ লাখ নথি প্রকাশ করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। নথিতে এপস্টেইনের সঙ্গে বিল গেটসের সম্পর্কের দিকটি উঠে আসার পরই শুরু হয় তুমুল বিতর্ক। সেই জেরে সম্মেলন থেকে সরে দাঁড়ালেন তিনি।
এদিকে গেটসের মুখপাত্র নথিতে আসা দাবিগুলোকে সম্পূর্ণ অযৌক্তিক এবং মিথ্যা বলে অভিহিত করেছেন। অবশ্য গেটস বলেছেন, তিনি এপস্টিনের সঙ্গে সময় কাটানোয় অনুতপ্ত।
গেটস ফাউন্ডেশন জানিয়েছে, সম্মেলনে গেটসের পরিবর্তে তাদের আফ্রিকা ও ভারত কার্যালয়ের প্রেসিডেন্ট অঙ্কুর ভোরা বক্তব্য দেবেন। পাশাপাশি তারা ভারতে ‘যৌথ স্বাস্থ্য ও উন্নয়ন লক্ষ্যমাত্রা’কে এগিয়ে নিতে তারা তাদের কাজের প্রতি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।
বৃহস্পতিবার সম্মেলনে ওপেনএআই-এর প্রধান স্যাম অল্টম্যান এবং অ্যানথ্রপিকের প্রধান দারিও আমোদিসহ অন্যান্য বড় ব্যক্তিত্বদের বক্তব্য দেয়ার কথা রয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও সম্মেলনে বক্তব্য দিয়েছেন। দুই রাষ্ট্রপ্রধানই কৃত্রিম বুদ্ধিমত্তার গণতান্ত্রায়ন এবং উদ্ভাবনের ক্ষেত্রে যৌথ দৃষ্টিভঙ্গির আহ্বান জানিয়েছেন।
মোদি বলেন, মানুষ যেন কেবল কৃত্রিম বুদ্ধিমত্তার কাঁচামাল বা মূল তথ্য সংগ্রহের ভাণ্ডার হয়ে না থাকে। কৃত্রিম বুদ্ধিমত্তাকে অন্তর্ভুক্তিকরণ এবং ক্ষমতায়নের মাধ্যম হতে হবে।
বক্তব্যের আগে মোদির সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করেন ম্যাক্রোঁ। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনায় এককভাবে কাজ করা থেকে একসঙ্গে কাজ করার বিষয়ে রূপান্তর করা প্রয়োজন।
সম্মেলনে জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেসসহ অন্য বক্তারাও একই সুরে কথা বলেছেন। গুতেরেস বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ হাতেগোনা কয়েকটি দেশ দ্বারা নির্ধারিত হওয়া উচিত নয়। বিশেষ করে কয়েকজন ধনকুবেরের স্বেচ্ছাচারিতার ওপর ছেড়ে দেওয়া উচিত নয়।
গুগলের সিইও সুন্দর পিচাই বলেন, গুগল এরই মধ্যে ভারতের বিশাখাপটনমে একটি পুর্ণাঙ্গ কৃত্তিম বুদ্ধিমত্তার কেন্দ্র স্থাপনে কাজ করছে, যা ভারতীয়দের জন্য কর্মসংস্থান এবং অত্যাধুনিক প্রযুক্তির বিকাশে সাহায্য করবে। ধনকুবের মুকেশ আম্বানিও ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার ইকোসিস্টেম গড়তে আগামী সাত বছরে ১১০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন।
গেটস সম্মেলনে বক্তব্য দেবেন কি না, তা নিয়ে কয়েক দিন ধরেই চলছিল অনিশ্চয়তা। সবশেষ গত মঙ্গলবার গেটস ফাউন্ডেশন জানিয়েছিল, তিনি নির্ধারিত সূচি অনুযায়ী বক্তব্য দেবেন।
এদিকে বিল গেটসের সম্মেলনে না আসার বিষয়টিকে একটি বড় ধাক্কা হিসেবে ধরা হচ্ছে। কারণ এ সম্মেলন বিশ্বমঞ্চে ভারতকে একটি বৈশ্বিক কৃত্তিম বুদ্ধিমত্তার কেন্দ্র হিসেবে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করছে।
এ সম্মেলনে অংশ নিচ্ছেন ১০০টিরও বেশি দেশের প্রতিনিধি, ৫০০ জনেরও বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ এবং বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধান। তবে প্রথম দিনে অব্যবস্থাপনা এবং একটি ভারতীয় বিশ্ববিদ্যালয়ের তৈরি রোবট কুকুর, যা আসলে চীনে তৈরি হয়েছে বলে প্রমাণিত হওয়ার মতো কিছু বিতর্ক এ সম্মেলন ঘিরে সৃষ্টি হয়েছে।