সামিট গ্রুপের ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনালের মেরামতকাজ শেষ হয়েছে। বর্তমানে এলএনজি টার্মিনালটি গ্যাস সরবরাহের জন্য প্রস্তুত হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে তিন মাসের বেশি সময় ধরে টার্মিনালটি বন্ধ ছিল। এলএনজি সরবরাহের জন্য প্রস্তুত বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গতকাল জানানো হয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে সামিট গ্রুপ জানায়, দৈনিক ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করার জন্য সামিট এলএনজি টার্মিনাল কোম্পানি এখন তৈরি আছে।
তবে চালু হলেও এলএনজি টার্মিনাল থেকে এখনই গ্যাস সরবরাহ শুরু হচ্ছে না। কারণ এলএনজি সরবরাহের জন্য প্রয়োজনীয় এলএনজিবাহী কার্গো পেট্রোবাংলার কাছে নেই। কার্গো আমদানি করতে আরো অন্তত ২৫ দিন লাগবে বলে পেট্রোবাংলা সূত্রে জানা গেছে। ফলে টার্মিনালটি প্রস্তুত হলেও এখনো এর উৎপাদন সময়সাপেক্ষ ব্যাপার।
রূপপুর প্রকল্পে অর্থ ব্যবহারের ব্যাখ্যা দিল রোসাটম: পাবনার রূপপুরে নির্মাণাধীণ পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের নিন্দা জানিয়েছে নির্মাণকারী রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটম। এক বিবৃতিতে প্রকল্পে দুর্নীতির বিষয়টি নিয়ে গতকাল ব্যাখ্যা দিয়েছে কোম্পানিটি।