সার্ভার বিক্রিতে ৮০% প্রবৃদ্ধি

দ্বিতীয় প্রান্তিকে ডেলের আয় ছাড়িয়েছে ওয়াল স্ট্রিটের পূর্বাভাস

কম্পিউটার পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ডেল চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করেছে এবং কোম্পানিটির আয় ওয়াল স্ট্রিটের পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে।

কম্পিউটার পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ডেল চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করেছে এবং কোম্পানিটির আয় ওয়াল স্ট্রিটের পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। ব্যবসা ও ডাটা সেন্টারে ব্যবহৃত সার্ভার বিক্রিতে ৮০ শতাংশ প্রবৃদ্ধি এ সাফল্যের প্রধান কারণ হিসেবে দেখছে কোম্পানিটি। এদিকে প্রতিবেদন প্রকাশের পর ডেলের শেয়ারমূল্য বেড়েছে আরো ৩ শতাংশ। খবর সিএনবিসি।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, জুন শেষ হওয়া প্রান্তিকে ডেলের আয় হয়েছে ২ হাজার ৫০৬ কোটি ডলার, যা বিশ্লেষকদের প্রত্যাশিত ২ হাজার ৪৫৩ কোটি ডলারের চেয়ে বেশি। এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ ডলার ৮৯ সেন্ট, যা আগে আশা করা হয়েছিল ১ ডলার ৭১ সেন্ট। এর মানে হলো, ডেল বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে বেশি আয় করেছে ও প্রতি শেয়ারে লাভও করেছে বেশি।

এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে প্রায় ৯ শতাংশ। ডেলের নিট আয় বা মুনাফা ৮৫ শতাংশ বেড়ে হয়েছে ৮৪ কোটি ডলার, যা গত বছরের সাড়ে ৪৫ কোটি ডলার বেশি। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ডেল এখন এআই-সংশ্লিষ্ট কাজের জন্য বিশেষভাবে তৈরি সার্ভারের প্রধান সরবরাহকারী হয়ে উঠেছে, বিশেষ করে এনভিডিয়া চিপ ব্যবহার করা সার্ভারের ক্ষেত্রে। ক্লাউড কোম্পানিগুলো এ শক্তিশালী সার্ভারগুলোর চাহিদা বাড়িয়ে দিয়েছে। চলতি বছরের শুরুতে এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং ডেল প্রতিষ্ঠাতা মাইকেল ডেলকে নতুন এনভিডিয়া চিপযুক্ত সিস্টেম অর্ডারের জন্য যোগাযোগ করার পরামর্শ দেন।

ডেলের দ্রুত বৃদ্ধি পাওয়া ব্যবসার অংশ হলো ইনফ্রাস্ট্রাকচার সলিউশনস গ্রুপ (আইএসজি), যা ডাটা সেন্টারের জন্য সার্ভার ও সিস্টেম তৈরি করে। ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে আইএসজির মোট বিক্রয় ৩৮ শতাংশ বেড়ে ১ হাজার ১৬৫ কোটি ডলার হয়েছে, যা প্রত্যাশিত ১ হাজার ৪৪ কোটি ডলারের চেয়ে বেশি। বিশ্লেষকরা বলছেন, ডেলের রিপোর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল সার্ভার ও নেটওয়ার্কিং থেকে প্রাপ্ত আয়, যার মধ্যে রয়েছে এআই ফোকাসড সার্ভার। এ অংশটি বিক্রির দিক থেকে ৮০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৭৬ কোটি ডলার হয়েছে, যা প্রত্যাশিত ৬৩৭ কোটি ডলারের চেয়ে বেশি। আর এর মধ্যে ৩১০ কোটি ডলার এসেছে এআই সার্ভার বিক্রি থেকে।

এদিকে রয়টার্সের প্রতিবেদন বলছে, চলতি বছর ডেলের শেয়ার বেড়েছে ৪৫ শতাংশ। ডেল তাদের বার্ষিক আয়ের পূর্বাভাসটি হালনাগাদ করেছে। এখন তারা আশা করছে, কোম্পানিটির বার্ষিক আয় হবে ৯ হাজার ৫৫০ কোটি থেকে ৯ হাজার ৮৫০ কোটি ডলার, যা আগের পূর্বাভাসে ছিল ৯ হাজার ৩৫০ কোটি থেকে ৯ হাজার ৭৫০ কোটি ডলার।

অন্যদিকে গবেষণা সংস্থা গার্টনারের গবেষণা পরিচালক মিকাকো কিতাগাওয়া বলেছেন, ‘‌দ্বিতীয় প্রান্তিকে ডেল বিক্রির দিক থেকে ব্যক্তিগত কম্পিউটার (পিসি) বাজারের অংশীদারত্ব হারিয়েছে। এর অর্থ হলো, তারা এ গুরুত্বপূর্ণ বাজারে তাদের প্রতিযোগীদের তুলনায় কম পিসি বিক্রি করেছে। যদিও ডেল মার্কিন ব্যবসায়িক বাজারে শীর্ষস্থানীয় পিসি বিক্রেতা হিসাবেই রয়েছে, তবে এর প্রতিদ্বন্দ্বীদের আগের বছরের তুলনায় বাজার হিস্যা বেড়েছে।’

আরও