এ মুহূর্তে কিছু মেগা প্রকল্প পিছিয়ে দেয়া যেত বলে মন্তব্য করেছেন
সাবেক পরিকল্পনামন্ত্রী ও বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির
সভাপতি এম এ মান্নান। তিনি বলেন, আমরা বাস করি ভূতলে কিন্তু বিনিয়োগ করি পাতালে।
বুধবার (১২ জুন) গুলশানের একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগের
(সিপিডি) বাজেট ডায়ালগে তিনি এসব কথা বলেন। সেমিনারে অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও সামাজিক
বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এম এ মান্নান বলেন, আমি মন্ত্রী থাকতে এমন অনেক প্রকল্প একনেকে পাস
করতে হয়েছে যেগুলোর সঙ্গে আমি একমত ছিলাম না। দেশে এমন অনেক প্রকল্প রয়েছে। জনগণের
অর্থ কতটা জনকল্যাণে ব্যয় হচ্ছে সেটাই এখন বড় প্রশ্ন। জনগণ এসব প্রকল্প থেকে কী পাচ্ছে
কিংবা আদৌ পাচ্ছে কিনা দেখা দরকার।
তিনি বলেন, আমরা শিক্ষায় সংখ্যাগত দিক দিয়ে অনেক অর্জন করেছি। তবে খুব বেশি ভেতরে যেতে পারিনি। অনেক বাচ্চারা এখন স্কুল ছেড়ে চলে যাচ্ছে। গ্রামাঞ্চলে অনেকে সরকারি হাসপাতাল ছেড়ে বেসরকারি হাসপাতালের দিকে যাচ্ছে। তার মানে সরকারি হাসপাতালে তারা সেবা, সম্মান বা মনোযোগ পাচ্ছে না।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদ। বিশেষ আলোচক ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন ও বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিডির বোর্ড ট্রাস্টিজের ট্রেজারার সৈয়দ মনজুর এলাহী।