ভারতে সূর্যমুখী তেল আমদানি ৫১ শতাংশ বেড়েছে

ভারতে গত মার্চে সূর্যমুখী তেল আমদানি আগের মাসের তুলনায় ৫১ শতাংশ বেড়েছে। দাম কম থাকায় পরিশোধন কেন্দ্রগুলো পাম অয়েলের বদলে সূর্যমুখী তেল আমদানি বাড়িয়েছে। দেশটির ডিলারদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

ভারতে গত মার্চে সূর্যমুখী তেল আমদানি আগের মাসের তুলনায় ৫১ শতাংশ বেড়েছে। দাম কম থাকায় পরিশোধন কেন্দ্রগুলো পাম অয়েলের বদলে সূর্যমুখী তেল আমদানি বাড়িয়েছে। দেশটির ডিলারদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। 

ভারত বিশ্বের শীর্ষ উদ্ভিজ্জ তেল আমদানিকারক। পাম অয়েল আমদানিতেও দেশটি নেতৃস্থানীয়। বর্তমানে পণ্যটি এক বছরের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে। কিন্তু ভারত আমদানি কমিয়ে দেয়ায় পণ্যটির বাজার নিম্নমুখী হয়ে পড়তে পারে। অন্যদিকে সূর্যমুখী তেল আমদানি বেড়ে যাওয়ায় কৃষ্ণসাগরীয় অঞ্চলে পণ্যটির মজুদ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। 

ডিলাররা জানান, মার্চে ভারত ৪ লাখ ৪৮ হাজার টন সূর্যমুখী তেল আমদানি করে, যা ফেব্রুয়ারির তুলনায় ৫১ শতাংশ বেশি। বিপরীতে পাম অয়েল আমদানি ৩ দশমিক ৩ শতাংশ কমে ৪ লাখ ৮১ হাজার টনে নেমে গেছে, যা ২০২৩ সালের মে মাসের পর সর্বনিম্ন। 

উদ্ভিজ্জ তেলের ব্রোকার সানবিন গ্রুপের সিইও সন্দিপ বাজোরিয়া বলেন, ‘‌পাম অয়েলের বদলে সূর্যমুখী তেল আমদানি বাড়ছে। উৎপাদনসংক্রান্ত প্রতিবন্ধকতার কারণে এমনটি হচ্ছে। এ কারণে ক্রেতারা কম দামের সূর্যমুখী তেলের দিকে ঝুঁকছেন।’ 

মে সরবরাহ চুক্তিতে ভারত প্রতি টন অপরিশোধিত পাম অয়েল আমদানি করছে প্রায় ১ হাজার ২০ ডলারে (ব্যয়, বীমা ও জাহাজ ভাড়াসহ)। বিপরীতে প্রতি টন সয়াবিন ও সূর্যমুখী তেল আমদানিতে ব্যয় হচ্ছে যথাক্রমে ১ হাজার ও ৯৬০ ডলার। 

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মধ্যে সবচেয়ে বেশি বাণিজ্য হয় পাম অয়েলের। বিপুল সরবরাহ ও প্রতিদ্বন্দ্বী অন্যান্য তেলের তুলনায় সাশ্রয়ী হওয়ায় ব্যবসায়ীদের কাছে এর কদর বেশি। কিন্তু সাম্প্রতিক সময়ে সয়াবিন ও সূর্যমুখী তেলের সরবরাহ বাড়ার পাশাপাশি দাম কমে যাওয়ায় পাম অয়েলের চাহিদা কমছে। পাম অয়েল ক্রেতারা দামের সুবিধা নিতে প্রতিদ্বন্দ্বী এসব তেলের বাজারে ঝুঁকছেন। এতে পণ্যটির মূল্য পুনরুদ্ধার ব্যাহত হবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

মার্চে ভারতের সয়াবিন তেল আমদানি আগের মাসের তুলনায় ২৭ শতাংশ বেড়ে ২ লাখ ২০ হাজার টনে উন্নীত হয়েছে। এদিকে ঊর্ধ্বমুখী সয়াবিন ও সূর্যমুখী তেল আমদানির প্রভাবে গত মাসে ভারতের মোট ভোজ্যতেল আমদানিও বেড়েছে লক্ষণীয় মাত্রায়।

আরও